খুলনা শিল্প ও বণিক সমিতির নির্বাচনে কারচুপির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী পরিষদের নেতারা। গতকাল বুধবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে ব্যবসায়ী পরিষদের নেতারা সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক ও নির্বাচনে পরিচালক পদপ্রার্থী মফিদুল ইসলাম। ১৩ ডিসেম্বর সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনে সাধারণ ও সহযোগী শ্রেণির ২১টি পরিচালক পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ব্যবসায়ী নেতাদের অভিযোগ, বিগত বছরগুলোতে এই সমিতি একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়েছে। তাদের লাগামহীন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এ ছাড়া চেম্বারের বর্তমান সভাপতি কাজী আমিনুল হকের বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ।
লিখিত বক্তব্যে মফিদুল ইসলাম বলেন, প্রতিপক্ষকে ঘায়েল ও অনৈতিক সুবিধা আদায়ের জন্য দুটি লিফট নামমাত্র মূল্য দেখিয়ে খুলনা মহানগর পুলিশকে (কেএমপি) উপহার হিসেবে দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা না করে সমিতির জনবল, টেলিফোন ও কার্যালয়কক্ষ টেন্ডার বাণিজ্যে ব্যবহৃত হচ্ছে।
এসব অভিযোগ অস্বীকার করেছেন সমিতির সভাপতি কাজী আমিনুল হক।