ইডব্লিউজির প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ
নির্বাচন বিশ্বাসযোগ্য হয়নি, অনিয়ম, সহিংসতা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
নির্বাচন পর্যবেক্ষক মোর্চা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) বলেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন বিশ্বাসযোগ্য হয়নি। উল্লেখযোগ্য মাত্রায় অনিয়ম ও সহিংসতার ঘটনায় ভরপুর ছিল।
তিন সিটি করপোরেশনের নির্বাচনের পরদিন গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইডব্লিউজি নির্বাচন পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া ও নির্বাচনের দিন সংঘটিত ‘অপকর্ম’ এবং অনিয়মের কারণে ইডব্লিউজি এ নির্বাচনকে বিশ্বাসযোগ্য মনে করে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন সিটি করপোরেশনের নির্বাচনে ৬১৯টি কেন্দ্রে তাঁদের ৬১৯ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই প্রাথমিক প্রতিবেদন তৈরি করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রতিবেদনের তথ্য তুলে ধরেন ইডব্লিউজির পরিচালক আবদুল আলীম। এ সময় নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইডব্লিউজির স্টিয়ারিং কমিটির সদস্য নাজমুল আহসান কলিমউল্লাহ, তালেয়া রেহমান ও কামরুল হাসান। ইডব্লিউজি ২৮টি সিভিল সোসাইটির প্রতিষ্ঠান ও সংস্থার সমন্বয়ে গঠিত।
প্রতিবেদনে বলা হয়, এই নির্বাচনে বিপুলসংখ্যক ব্যালট ছিনতাই করে সিল মারার ঘটনা, ভয়ভীতি প্রদর্শন, ভোটকক্ষ দখল এবং নির্বাচনী সহিংসতার ঘটনা পরিলক্ষিত হয়েছে। পর্যবেক্ষণ করা অনেক ভোটকেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রমের পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হলেও নানা ধরনের নির্বাচনী অনিয়মের কারণে নির্বাচনী প্রক্রিয়ার সার্বিক সততা ক্ষুণ্ন হয়েছে।
ইডব্লিউজি বলেছে, তাদের পর্যবেক্ষণ করা কেন্দ্রগুলোর মধ্যে ঢাকা উত্তরের ৫৫টি, দক্ষিণের ৪৬টি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৭টি কেন্দ্রে জোর করে ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটে। ভোটারদের ভয়ভীতি দেখানো হয় ঢাকা উত্তরের ৩৩টি, দক্ষিণের ৩৯টি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩০টি কেন্দ্রে। সহিংসতার ঘটনা ঘটে ঢাকা উত্তরের ৬৬টি, দক্ষিণের ২৬টি ও চট্টগ্রামের ৭২টি কেন্দ্রে। পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয় উত্তরের ২৮টি, দক্ষিণের ১৯ ও চট্টগ্রামের ৩১টি কেন্দ্র থেকে। ভোটকেন্দ্র বন্ধ ঘোষণা করার ঘটনা ঘটে উত্তরের ২১টি, দক্ষিণের ছয়টি ও চট্টগ্রামের ৩১টিতে। এ ছাড়া তিন সিটিতেই কেন্দ্রের ভেতর থেকে দুজন করে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে বেশ কয়েকটি অনিয়মের ঘটনার সুনির্দিষ্ট উদাহরণ দিয়ে বলা হয়, এসব অনিয়ম ও সহিংস ঘটনা ব্যাপক ঘটনার অংশমাত্র। সংবাদ সম্মেলনে প্রথমে এসব ঘটনার পেছনে নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের সমর্থকদের কথা বলা হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলা হয়, এই দলটি সরকার-সমর্থক।
প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনার মাধ্যমে পরিকল্পিতভাবে তিন সিটি করপোরেশন নির্বাচনে যেসব জালিয়াতির ঘটনা ঘটানো হয়েছে, তা নির্বাচনী ফলাফল পরিবর্তনের উদ্দেশ্যেই করা হয়েছে। এসব ঘটনার প্রতিটি ভোট গ্রহণকারী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, প্রার্থীর এজেন্ট ও নিরাপত্তা বাহিনীর সামনেই ঘটেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ইডব্লিউজির ১৪ জন পর্যবেক্ষককে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। ১৫ জন পর্যবেক্ষককে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হলেও পরে বের করে দেওয়া হয়। ৩৪ জন পর্যবেক্ষককে গণনাকক্ষে ঢুকতে দেওয়া হয়নি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন পর্যবেক্ষককে দুষ্কৃতকারীরা মারধর করে। নির্বাচন কমিশনও পর্যাপ্ত কার্ড দেয়নি। ঢাকা দক্ষিণে পর্যবেক্ষক নিয়োগে নির্বাচন কমিশন পর্যবেক্ষকদের গতিবিধি নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ রাখতে কিছু বিধি-নিষেধ আরোপ করে। নির্বাচন কমিশন কোনোরকম নোটিশ না দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বাংলাদেশি পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক সৃষ্টি করেছে। কমিশন অনানুষ্ঠানিক অপ্রয়োজনীয় বিধি-নিষেধ ও প্রতিবন্ধক আরোপের কারণে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বিনষ্ট হয়েছে, নির্বাচনী অনিয়ম কমানোর পথে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে। এর ফলে সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়ার সততা ক্ষুণ্ন হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের পুরো তথ্য বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে।
‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে’—প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকেরা প্রতিক্রিয়া জানতে চাইলে বলা হয়, ‘তথ্যই প্রমাণ করে কী হয়েছে।’