নির্বাচন শেষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মারামারি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: প্রথম আলো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: প্রথম আলো

সিটি নির্বাচনের প্রচারে নগর ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যস্ত থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ গত এক মাস ধরে শান্ত ছিল। কিন্তু নির্বাচন শেষ হতেই আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে আবারও ধারালো অস্ত্রশস্ত্রসহ দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়ল শাখা ছাত্রলীগের দুই পক্ষ। এ দুটি পক্ষই চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী।
সংঘর্ষে জড়িয়ে পড়া দুটি পক্ষ হল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও বাংলার মুখ। এতে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক উপপরিদর্শক আবুল খায়েরসহ ছাত্রলীগের উভয় পক্ষের দশজন আহত হয়েছেন। এদের মধ্যে পুলিশের উপপরিদর্শক আবুল খায়েরকে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিক্সটি নাইন পক্ষের নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু, অর্থ সম্পাদক আবু কাইজার, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মনসুর আলম প্রমুখ। অন্যদিকে বাংলার মুখের নেতৃত্বে আছেন ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী, প্রচার সম্পাদক সৌমেন পালিত, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মামুন প্রমুখ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কথা-কাটাকাটির জের ধরে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ায় উভয় পক্ষের সাতজন কর্মী আহত হন। এ সময় দুপক্ষকে নিবৃত্ত করতে গেলে পুলিশের উপপরিদর্শক আবুল খায়েরের হাতে একপক্ষের কর্মীদের ধারালো অস্ত্রের কোপ লাগে। এতে তাঁর হাতে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। পুলিশ সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরবর্তীতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে উভয় পক্ষকে সরিয়ে দেয়।
আহতেরা হলেন, নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের নজরুল ইবনে হোসেন ও সাইদুল ইসলাম, ইসলামি ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের আরিফুল ইসলাম, রাজনীতিবিজ্ঞান বিভাগের মোহাম্মদ বিজয় ও মো. মারজান। এরা পাঁচজন বাংলার মুখের কর্মী। এদেরকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। সিক্সটি নাইন পক্ষের আহত দুই কর্মী হলেন গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের সাজিদুল ইসলাম ও জাহেদুল ইসলাম। এদের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনার রেশ ধরে বিকেল সাড়ে পাঁচটায় আবারও পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সিক্সটি নাইন পক্ষের প্রায় শতাধিক কর্মী ধাওয়া দিয়ে বাংলার মুখের কর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দেয়। এ সময় উভয় পক্ষের রিফাত ও মাসুদ নামের দুই কর্মী আহত হন। তবে তারা দুজন কোনো বিভাগে ছাত্র তা পাওয়া যায়নি।
এর আগে বিকেল চারটার দিকে ক্যাম্পাস থেকে নগরমুখী শাটল ট্রেনটি চলাচল করতে বাধা দেয় বাংলার মুখের কর্মীরা। ঘটনাস্থলের ছবি তুলতে গেলে কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাখাওয়াত হোছাইনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মুঠোফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে দেয় বাংলার মুখের কর্মীরা।
এ ঘটনার জন্য উভয় পক্ষই পরস্পরকে দোষ দিচ্ছেন। সিক্সটি নাইন পক্ষের নেতা আবু কাইজার প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য দিয়াজ ইরফানের অনুসারীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা এর বিচার চাইতে আমাদের নেতা আ জ ম নাছির উদ্দিনের কাছে যাব।’
তবে এ বিষয়ে জানতে দিয়াজ ইরফানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর পক্ষের অন্য নেতাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। বাংলার মুখের নেতা সৌমেন পালিত প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের দিন ভোটকেন্দ্রে আমরা বেশি কাজ করেছি। এরপর থেকে আমাদেরকে জামায়াত-শিবিরের পক্ষে নিয়মিত মুঠোফোনে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এরই মধ্যে আজকের ঘটনা ঘটল। দুটি ঘটনাই একই সূত্রে গাঁথা কিনা আমাদের সন্দেহ হচ্ছে। এসবের সমাধানে নাছির ভাইয়ের কাছে যাওয়া ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই।’
এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এটি মোটেও গ্রহণযোগ্য নয়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনাস্থলে থাকা হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল বলেন, ‘ছাত্রদের দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা তাদের নিবৃত্ত করতে চেষ্টা করছি।’