নির্বাচন স্থগিত করায় প্রধান শিক্ষকের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ইছাপুরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া পাটোয়ারীর ওপর হামলা চালানো হয়েছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য নির্বাচন স্থগিত করায় গত বৃহস্পতিবার একটি পক্ষ তাঁর ওপর এই হামলা চালায়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আটটায় বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। বেলা ৩টা ৩৫ মিনিট পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত সদস্যপদে ২০ জন প্রার্থী অংশ নেন।
বিদ্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অভিভাবক সদস্য নির্বাচনের আগে প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া তিনজন শিক্ষক প্রতিনিধি চূড়ান্ত করেন। নির্বাচনের আগেই শিক্ষক প্রতিনিধিদের নাম প্রকাশ হওয়ায় অভিভাবক সদস্য প্রার্থী আবুল কাশেম শাহরাস্তি সহকারী জজ আদালতে বিদ্যালয়ের নির্বাচন স্থগিত চেয়ে একটি মামলা করেন। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন চলাকালীন আদালত থেকে স্থগিতাদেশের নোটিশ প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন হাতে পান। নোটিশ পাওয়ার পর তিনি নির্বাচন শেষ হওয়ার ২৫ মিনিট আগে তা স্থগিত করেন। বেসরকারি স্কুল ও কলেজ পরিচালনা কমিটির নির্বাচন বিধি অনুযায়ী অভিভাবক সদস্য নির্বাচনের দিন শিক্ষক প্রতিনিধি পদেও নির্বাচন হওয়ার নির্দেশনা রয়েছে।
নির্বাচন স্থগিত করায় অভিভাবকেরা এ ঘটনার জন্য প্রধান শিক্ষককে দায়ী করেন। তাঁরা বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেন। শেষে উত্তেজিত জনতা অফিসকক্ষে গিয়ে প্রধান শিক্ষকের ওপর হামলা করে। খবর পেয়ে শাহরাস্তি থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে প্রধান শিক্ষককে উদ্ধার করে। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া বলেন, বিদ্যালয়ের বর্তমান সভাপতি সফিউল আলম নির্বাচনের আগেই অভিভাবক সদস্যদের কাছে শিক্ষক প্রতিনিধিদের নাম প্রকাশ করেন। এ সুযোগে একজন অভিভাবক সদস্য আদালতে মামলা করেন। বিদ্যালয়ের বর্তমান সভাপতি সফিউল আলম বলেন, ‘একটি কুচক্রী মহল বিদ্যালয়টি ধ্বংসের জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।’