নির্বাচনকে কেন্দ্র করে জিমনেসিয়ামে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রে (জিমনেসিয়াম) ভাঙচুর চালানো হয়েছে। গত বুধবার রাতে এ ঘট্না ঘটে। এ ঘটনার তদন্তে কমিটি গঠন এবং ওই সমিতির সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে প্রশাসন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে ভোট গণনায় সভাপতি পদপ্রার্থী শহিদুল হক ২৬২, আবদুল খালেদ ২৬১ এবং কাজীমুদ্দিন ২৫৪টি ভোট পান। শহিদুলের থেকে মাত্র একটি ভোট কম পাওয়ায় খালেদের পক্ষের এজেন্টরা পুনরায় ভোট গণনার অনুরোধ জানান। তখন শহিদুলের সমর্থকেরা পুনরায় ভোট গণনা না করে বেসরকারিভাবে তাঁকে নির্বাচিত করার ঘোষণা দেওয়ার জন্য নির্বাচন পরিচালক লুৎফর রহমানকে চাপ দেন। পরে অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনা করে লুৎফর রহমান পুনরায় ভোট গণনার সিদ্ধান্ত নেন।
এরপর প্রক্টর এবং সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টার উপস্থিতিতে পুনরায় ভোট গণনা করা হয়। দ্বিতীয়বার গণনায় আবদুল খালেদ ২৬৩ এবং শহিদুল ২৬১টি ভোট পান। আবদুল খালেদ দুই ভোটে নির্বাচিত হন। এতে শহিদুলের সমর্থকেরা ক্ষিপ্ত হন। এ সময় উভয়পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে শহিদুলের সমর্থকেরা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালান। তাঁরা সেখানকার ফ্যান, চেয়ার, টেবিল এবং দরজা-জানালার কাচ ভাঙচুর করেন।
জানতে চাইলে শহিদুল হক বলেন, ‘আমার সমর্থকেরা কোনো ভাঙচুর করেনি। আমি বিজয়ী হওয়ার পরও কমিশন আমাকে জয়ী ঘোষণা করেনি। নির্বাচন কমিশনাররা এখানে দুর্নীতি করেছে।’
নির্বাচন পরিচালক লুৎফর রহমান বলেন, ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সমিতির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে প্রশাসন। এখন ওই দুই পক্ষই তাদের জয়ী ঘোষণার জন্য তাঁকে চাপ দিচ্ছে।
এদিকে ভাঙচুরের ঘটনার পর গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই সমিতির সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। পাশাপাশি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক লুৎফুল হাসানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে।