নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা ও কারাদণ্ড
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরপুরে দুই চেয়ারম্যান প্রার্থী ও চারজন সাধারণ সদস্য পদপ্রার্থীকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একই কারণে নীলফামারীতে স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শেরপুর : ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে তোরণ নির্মাণ ও নৌকা প্রতীক প্রদর্শনের অভিযোগে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মোজাম্মেল হককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিশালাকৃতির নৌকাসহ তোরণটি অপসারণ করা হয়।
এ ছাড়া মালিঝিকান্দা ইউপির বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. বাদিরসহ আরও চার সাধারণ সদস্য পদপ্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. সেলিম রেজা এ অভিযান পরিচালনা করেন।
নীলফামারী : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে টাকা বিতরণের দায়ে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নে স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থী ফজলার রহমানের দুই কর্মীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মেহেদী হাসান এ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ওই ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা গ্রামের রাজ্জাকুল ইসলাম (৩৫) ও লুৎফর রহমান (৫০)।
পুলিশ জানায়, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের ফেলার রহমানের পক্ষে ওই দুই ব্যক্তি গতকাল সোমবার রাতে ভোটারদের তালিকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারপ্রতি ৬০০ টাকা করে বিতরণ করছিলেন। এ সময় ইউনিয়নের খন্দকার পাড়ার আইয়ুব আলী ও তাঁর স্ত্রী মোতাহারা বেগম এর প্রতিবাদ করে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ আজ দুপুরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত ইউপি নির্বাচন ২০১৬ আচরণবিধি লঙ্ঘনের ১৭ (গ) ও ৩১ (১) ধারায় ওই সাজা দেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, সাজাপ্রাপ্ত ওই দুই ব্যক্তিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।