নির্বাচনী উঠান বৈঠক শেষে ফেরার পথে যুবলীগ কর্মী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গত মঙ্গলবার রাত নয়টার দিকে ইউনিয়নের মহালাঙ্গা মোল্লার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন (২৫) আওয়ামী লীগ-মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রায়হান উদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করছেন, স্থানীয় হারুণ বাহিনীর সদস্যরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাইদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হবে।
চেয়ারম্যান পদপ্রার্থী রায়হান উদ্দীন প্রথম আলোকে বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনা কিছুটা হলেও নির্বাচনে প্রভাব ফেলবে।