নির্বাচনী টাকা লেনদেনের বিরোধে এক ব্যক্তি খুন?
কুমিল্লা নগরের ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকায় নির্বাচনী টাকা লেনদেন নিয়ে বিরোধের জের ধরে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তিকে লাথি ও ঘুষি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ওই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম কাটাবিল এলাকার বাসিন্দা। তিনি ১৫ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী সাইফুল বিন জলিলের সমর্থক বলে নিশ্চিত হওয়া গেছে।
চকবাজার ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন বলেন, কাটাবিল এলাকার প্রতিবেশী হারুনুর রশীদের সঙ্গে জায়গা ও ৪০০ টাকা নিয়ে খোরশেদ আলমের বিরোধ রয়েছে। এ নিয়ে গতকাল বেলা ১১টার দিকে কাটাবিল রাগা বাদশাহ মিয়ার বাড়িতে খোরশেদের সঙ্গে হারুনুর রশিদ, মো. তানিম, কাজল মিয়া ও আবদুল কাদের জিলানীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে খোরশেদ আলমকে লাথি ও ঘুষি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পারিবারিক করবস্থানে দাফন করা হয়। এ ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। পূর্ব বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে।
অভিযোগ ওঠা ব্যক্তিরা ঘটনার পর থেকেই পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁদের মুঠোফোন নম্বরও বন্ধ।
নিহত খোরশেদের ভাই জামাল হোসেন দাবি করেন, ‘রেনু মিয়ার ছেলে হারুনুর রশিদ বিভিন্ন কাউন্সিলর প্রার্থীর কাছ থেকে আমাদের বাড়ির লোকজনের কথা বলে টাকা এনেছেন। খোরশেদ এর প্রতিবাদ করায় তাঁকে হারুন ও তাঁর ছেলে ডালিম সহেযাগীদের নিয়ে হত্যা করেন।’
কাউন্সিলর সাইফুল বিন জলিল বলেন, ‘খোরশেদ আলম আমার কর্মী ছিলেন। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।’
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নির্বাচন নিয়ে ওই ঘটনা ঘটেনি।