নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ছাত্রদের কলেজে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না দেওয়ায় ফেনীর সোনাগাজীর বখতারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজে ভাঙচুর ও ফটকে তালা দিয়েছে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ছাত্ররা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
কলেজ সূত্র জানায়, ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হয় গত ১৫ ডিসেম্বর। বিলম্ব ফিসহ ফরম পূরণের শেষ তারিখ ছিল গতকাল। নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ২০-২৫ জন ছাত্র গতকাল দুপুরের দিকে অধ্যক্ষের কক্ষে গিয়ে তাদের ফরম পূরণের সুযোগ দিতে তাঁকে (অধ্যক্ষ) অনুরোধ জানায়। এ সময় অধ্যক্ষ বলেন, এই সুযোগ আর নেই। এ সময় ছাত্ররা গালমন্দ করে অধ্যক্ষের কক্ষ থেকে বেরিয়ে আসে। এরপর তারা ইটপাটকেল ছুড়ে কলেজের প্রশাসনিক ভবনের কয়েকটি জানালার কাচ ভেঙে ফেলে। একপর্যায়ে তারা প্রশাসনিক ভবন ও কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।
পুলিশ জানায়, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গেলে হামলাকারী ছাত্ররা পালিয়ে যায়। পরে কলেজের ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি টিভি) ফুটেজ দেখে পাঁচ হামলাকারীকে শনাক্ত করা হয়। ওই পাঁচ ছাত্র হলো মানবিক বিভাগের ইসমাইল হোসেন, আবদুল্লাহ আল মামুন, আরাফাত হোসেন, বিজ্ঞান বিভাগের মহিউদ্দিন ভুঁইয়া ও ব্যবসায় শিক্ষা বিভাগের আরিফুল ইসলাম। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ সোনাগাজী মডেল থানায় মামলা করেছেন।
অধ্যক্ষ মো. মমিনুল হক বলেন, কলেজ পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী ফরম পূরণ করা হয়েছে। যারা নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তাদের ফরম পূরণ করা হবে না। হামলাকারী ছাত্ররা নির্বাচনী পরীক্ষায় ৩ থেকে ৮ বিষয়ে অকৃতকার্য হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর মামলার সত্যতা নিশ্চিত করেছেন।