নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত চার
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্য মইনুল ইসলামসহ চারজন আহত হয়েছেন। ওই ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামে গতকাল রোববার এ ঘটনা ঘটে।
গুরুতর আহত তিনজনকে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক আহত গৃহবধূ জান্নাতুল ফেরদৌসকে (২০) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এলাকার কয়েকজন বাসিন্দা ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ইউপি সদস্য মইনুল বলেন, তিনি (মইনুল) গত ৩১ মার্চ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হন। নির্বাচনের পর থেকে পরাজিত ইউপি সদস্য আফিজ উদ্দিন ও তাঁর ছেলেরা তাঁর (মইনুল) পরিবারের লোকজন এবং কর্মীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন। গতকাল বেলা ১১টার দিকে গ্রামের পাশের জমিতে ঘাস তুলছিলেন মইনুলের চাচা বুনন মিয়া। সেখানে আফিজের ছেলে গোলাম মোস্তফা নির্বাচনে বুনন কেন মইনুলের হয়ে কাজ করেছেন, তা জানতে চান। বুননকে কিল-ঘুষি মারতে থাকেন গোলাম মোস্তফা। এ সময় গোলাম মোস্তফার ছোট ভাই মহাসিন, মোস্তফা, মেহেদি চাপাতি ও গাছের লাঠি নিয়ে বুননের ওপর হামলা করেন। বুননের চিৎকারে মইনুলসহ তাঁর পরিবারের লোকজন এগিয়ে এলে তাঁদেরও লাঠি দিয়ে পেটান ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন হামলাকারীরা। একপর্যায়ে গোলাম মোস্তফা পিস্তল বের করে মইনুলকে গুলি করতে যান। এ সময় মইনুলের ছোট ভাই রিপনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস দৌড়ে গিয়ে মইনুলের সামনে দাঁড়ালে গুলির ছড়া তাঁর বা গাল ও চোখের ভুরুতে লাগে। এ ছাড়া তাঁদের হামলায় মইনুলের চাচি জোছনা বেগমও আহত হন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দাউদপুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ওই চারজনকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
জানতে চাইলে বিজিবির দাউদপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নুরুল হুদা বলেন, ‘স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’
এ ব্যাপারে আফিজ বলেন, ঘটনার সময় তিনি বিরামপুর শহরে ছিলেন। তবে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ঘটনার পর গোলাম মোস্তফাসহ তাঁর ছোট ভাইয়েরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।