নির্বাচনী বিরোধের জেরে ছাত্র খুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে পূর্ববিরোধের জেরে গতকাল বৃহস্পতিবার রাতে ওই হামলা হয় বলে স্থানীয় লোকজনের ভাষ্য।
নিহত ছাত্রের নাম মোবাশ্বের মিয়া (২২)। তাঁর বাড়ি উপজেলার পাকশিমূল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে। বাবার নাম আবদুর রাজ্জাক। মোবাশ্বের উপজেলার অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও গ্রামবাসীর ভাষ্য, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তেলিকান্দি গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কামাল উদ্দিন সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়নাল মিয়ার কাছে হেরে যান। ২৫ এপ্রিল সন্ধ্যায় জয়নালের সমর্থকেরা গ্রামে বিজয় মিছিল বের করেন। এ সময় কামালের সমর্থকদের ওপর হামলা হয়। এ ঘটনায় জয়নালসহ ১৬ জনের বিরুদ্ধে সরাইল থানায় মামলা করেন কামাল।
গ্রামবাসীর ভাষ্য, নির্বাচনের সময় গ্রামের স্বপ্না বেগম নামের এক নারীর দোকান থেকে বাকিতে পণ্য কেনেন কামাল। স্বপ্না ও তাঁর স্বজনেরা জয়নালের সমর্থক। নির্বাচন শেষে স্বপ্নার পাওনা পরিশোধ করতে গড়িমসি করতে থাকেন কামাল। ৮ মে সন্ধ্যায় স্বপ্নার দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন কামাল ও তাঁর লোকজন। স্বপ্না পাওনা টাকা চাইলে তাঁকে মারধর করা হয়।
মারধরে গুরুতর আহত হন স্বপ্না। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানায়, স্বপ্না অন্তঃসত্ত্বা। মারধরের ঘটনায় তাঁর গর্ভের সন্তান নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
স্বপ্নাকে মারধরের ঘটনায় ১৬ মে তাঁর স্বামী উজ্জ্বল মিয়া বাদী হয়ে সরাইল থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় কামালকে প্রধান আসামি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, কামালের করা মামলায় জয়নালসহ আট আসামি গতকাল আদালত থেকে জামিনে ছাড়া পান। তাঁরা গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা সদর থেকে কামালের বাড়ির পাশ দিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় তাঁদের সঙ্গে স্বপ্নার স্বামী উজ্জ্বলের চাচাতো ভাই মোবাশ্বেরসহ আরও কয়েকজন ছিলেন। তাঁদের ওপর কামাল ও তাঁর লোকজন হামলা করেন। এতে মোবাশ্বের ঘটনাস্থলে মারা যান। আহত হন কয়েকজন। আহত ব্যক্তিদের জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রাতেই কামালসহ ৩১ জনকে আটক করেছে পুলিশ।
থানাহাজতে আটক অবস্থায় কামাল দাবি করেন, হামলার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে বাড়িতে এলে পুলিশ তাঁকে আটক করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, আজ শুক্রবার সকালে জেলা সদর হাসপাতালের মর্গে মোবাশ্বেরের লাশের ময়নাতদন্ত হয়েছে। হত্যার ঘটনায় মামলা হবে।