নির্বাচনী সমাবেশে হামলায় আহত ৩০, পুলিশ গুলিবিদ্ধ
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বলে পরিচিত এস এম চুন্নুর নির্বাচনী সমাবেশে হামলা হয়েছে। এ ঘটনায় পুলিশের এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া পুলিশসহ প্রায় ৩০ জন গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার রাত আটটার দিকে চরডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফোরকান মোল্যার সমর্থকেরা এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫ থেকে ২০ রাউন্ড রাউন্ড গুলি বর্ষণ করে। আহতদের গোপালগঞ্জ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কালিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জায়াদুল হক বলেন, আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী ফোরকান মোল্যার সমর্থকেরা এই হামলা চালায়। এতে থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান গুলিবিদ্ধ এবং পুলিশ সদস্য ফারুক আহম্মেদ ও মাহাবুব হোসেনসহ প্রায় ৩০ জনের মতো আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ থেকে ২০টি গুলি ছোড়া হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাঐসোনা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস এম চুন্নু আজ সন্ধ্যায় চর ডুমুরিয়া গ্রামে নির্বাচনী সমাবেশ করেন। সমাবেশ শেষ হতে রাত আটটা বেজে যায়। এ সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. ফোরকান মোল্যার সমর্থকেরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেলে করে সমাবেশে হামলা চালায়।
তবে ফোরকান মোল্যা এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কে বা কারা সমাবেশে হামলা চালিয়ে আমার ওপর দোষ চাপাচ্ছে। ওই সমাবেশে আমার কোনো সমর্থক হামলা চালায়নি।’