নির্বাচনী সহিংসতা : গুলিতে আহত তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় পুলিশের গুলিতে আহত তরুণ আলমগীর হোসেন (১৯) গতকাল সোমবার রাতে মারা গেছেন। ৪ জুন নির্বাচনের দিন গুলিতে আহত হওয়ার পর থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

গত ফেব্রুয়ারি মাসে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত নির্বাচনী সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে এ নিয়ে প্রাণ হারালেন অন্তত ১১৯ জন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আখেরুজ্জামান সাংবাদিকদের বলেন, কালিহাতী কোকডহরা ইউনিয়নের পোষণা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শেষে পরাজিত মেম্বার প্রার্থী আমীর হোসেনের সমর্থকেরা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেন। তখন পুলিশ শটগানের গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হন পোষণা গ্রামের বাসিন্দা আলমগীর। তাঁকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরদিন ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রুস্তম আলী আকন্দ বাদী হয়ে আলমগীরসহ ১৫–২০ জনের বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা করেন। গতকাল রাতে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওসি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আলমগীরের লাশ আজ মঙ্গলবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতেই তাঁর লাশ নিজ গ্রামে দাফন করার কথা রয়েছে।