নির্বাচনী সহিংসতা, বাড়ির উঠানে শিশু গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালীতে ইউপি নির্বাচনে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ শিশু শারমীন আক্তারকে গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ছবিটি হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তোলা l প্রথম আলো
চট্টগ্রামের বাঁশখালীতে ইউপি নির্বাচনে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ শিশু শারমীন আক্তারকে গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ছবিটি হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তোলা l প্রথম আলো

চট্টগ্রামের কাথারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট চলছে। কেন্দ্রের অদূরেই বাড়ির উঠানে ছিল ১০ বছরের শারমীন আক্তার। হঠাৎই পেটে এসে লাগে একটি গুলি। কেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির সময় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া শারমীনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

এ রকম গোলাগুলি, সহিংসতা ও কেন্দ্র দখল করে সিল মারার অভিযোগের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার দেশের তিনটি পৌরসভা ও বাঁশখালীর ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাঁশখালীর তিনটি ইউপিতে সহিংসতায় শারমীনসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও নির্বাচন-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কাথারিয়া, সরল ও কালিপুর ইউপির ভোটকেন্দ্র দখলের চেষ্টাসহ সহিংসতার ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ হন। শিশু শারমীন ছাড়া গুলিবিদ্ধ অন্য চারজন হলেন এরশাদ উল্লাহ (২৮), খোরশেদ আলম (৩০), জিল্লুর রহমান ও শফিকুর রহমান (৩৪)। এঁদের মধ্যে শারমীনসহ প্রথম চারজন কাথারিয়া ইউপি নির্বাচনে আর শফিকুর রহমান সরল ইউপি নির্বাচনে সহিংসতায় গুলিবিদ্ধ হয়েছেন। ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনাও। তবে উপজেলার অন্য ১১টি ইউপির নির্বাচনে বড় সহিংসতার খবর পাওয়া যায়নি।

কাথারিয়া ইউপির দক্ষিণ বাগমারা আবু আহমদ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইবনে আমিনের সমর্থকেরা দুপুর পৌনে ১২টার দিকে ভেতরে ঢুকতে চাইলে প্রতিপক্ষ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীনের লোকজন গুলি ছুড়লে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

শারমীন আক্তারের বাবা গোলাম কাদের জানান, দুপুর পৌনে ১২টায় দিকে তাঁর বাড়ির পাশে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় এক পক্ষের ছোড়া গুলি তাঁর মেয়ের পেটে লাগে।

চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা প্রথম আলোকে বলেন, কাথারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের ইবনে আমিন ও বিদ্রোহী জয়নালের সমর্থকদের মধ্যে কেন্দ্রের অনেক দূরে সংঘর্ষ হয়। এতে তিন-চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে কাথারিয়া ছাড়া বাঁশখালীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে।

তিন দফা স্থগিত হওয়ার পর বাঁশখালীর ১৪টি ইউপি নির্বাচনে গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭২ জন প্রার্থী।

মেহেরপুর পৌরসভা কেন্দ্র দখলের অভিযোগ

মেহেরপুর পৌরসভা নির্বাচনে রাতে ব্যালট ছিনতাই ও দিনে শেষ ঘণ্টায় কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। ওই দুটি কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে দায়িত্বরত পুলিশের দুই উপপরিদর্শককে প্রত্যাহার করে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস ও স্বতন্ত্র প্রার্থী মোতাছিম বিল্লাহ ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে চারটার দিকে প্রথম আলোর কাছে জাল ভোট দেওয়ার এ অভিযোগ করেন। তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান রিটনের নির্বাচনী প্রধান এজেন্ট শহিদুল ইসলাম দাবি করেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এর চেয়ে ভালো নির্বাচন হতেই পারে না।’

রিটার্নিং কর্মকর্তা মো. রোকুনুজ্জামান জানান, ১১ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সুব্রত কুমার পাল ও ১২ নম্বর ওয়ার্ডের এ কে এম শাহিন কবির সকালে লিখিত অভিযোগ দেন। তাতে জানানো হয়, রাতে দুর্বৃত্তরা ওই দুটি কেন্দ্রে গিয়ে ব্যালট পেপার ছিনতাই করে। একপর্যায়ে ব্যালট বাক্সে ভরে। সকাল পৌনে ১০টার দিকে নির্বাচন কমিশনের নির্দেশে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।

বিয়ানীবাজার পৌরসভায় একটি কেন্দ্রে গোলযোগ

বিচ্ছিন্ন একটি ঘটনা ছাড়া গতকাল সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় প্রথমবারের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন-সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা জানিয়েছেন, কসবা সরকারি আদর্শ বিদ্যালয় কেন্দ্রে দুজন কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়ার কারণে বেলা পৌনে তিনটার দিকে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত ছিল। এরপর পরিস্থিতি শান্ত হলে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। তবে গোলযোগের সময় এ কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর সমর্থকেরা জাল ভোট দিয়েছেন বলে কয়েকজন মেয়র প্রার্থী অভিযোগ করেন। এই অবস্থায় কেন্দ্রটির ভোট গণনা স্থগিত রাখা হয়েছে।

মুকসুদপুর পৌরসভায় আ.লীগ প্রার্থীর জয়

মামলা জটিলতার কারণে দীর্ঘ ১৬ বছর পর গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. আতিকুর রহমান মিয়া ৬ হাজার ৭১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চামচ প্রতীকের মো. মিজানুর রহমান মৃধা (মন্টু) পেয়েছেন ২ হাজার ১৮৫ ভোট। নির্বাচনে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকের মো. মিজানুর রহমান লিপু ৭৭৫ ভোট পেয়েছেন।