নির্বাচনী সহিংসতায় পাঁচ পুলিশসহ শতাধিক আহত
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গত শনিবার নির্বাচনী সহিংসতায় পুলিশের পাঁচ সদস্যসহ শতাধিক ব্যক্তি আহত ও সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের ব্রহ্মতর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দামাল গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে কেন্দ্রের বাইরে গত শনিবার জাতীয় পার্টি প্রার্থী আঞ্জুমান আরা ও জাতীয় পার্টির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আকমল হোসেনের (চশমা) সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ ওই কেন্দ্রগুলোর ব্যালট বাক্স, পেপারসহ নির্বাচনী সামগ্রী ও নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের কচাকাটা থানায় নিয়ে যায়। রাত নয়টায় সেখান থেকে কন্ট্রোলরুমে নিয়ে আসার সময় জাতীয় পার্টির প্রার্থী আঞ্জুমান আরার সহস্রাধিক সমর্থক ফলাফল ঘোষণার দাবিতে গাছ ফেলে প্রায় দুই ঘণ্টা রাস্তা অবরোধ করে মিছিল করতে থাকেন। এ অবস্থায় উত্তেজিত জনতা প্রশাসনের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন। এর মধ্যে রবিউল ইসলামকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫২টি রাবার বুলেট ও পাঁচটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বিজিবি ৩২টি গুলি ছোড়ে। এতে সিরাজুল ইসলাম (৩৭), গোলাম গাউস (২২), সুজন (২০), দশম শ্রেণির ছাত্রী বৃষ্টি (১৪), রাসেল (২০), বাচ্চু মিয়া (৩৫) ও মন্টু মিয়া (৪৭) গুলিবিদ্ধ হন। রাইফেলের বাঁটের আঘাতে মাথা থেঁতলে যায় রহিমা বেগমের (৫৫)। এ ছাড়া রেহেনা খাতুন, মঞ্জুয়ারা বেগম, গোলাম আযম, সালমা খাতুন, সাহেদা পারভীনসহ শতাধিক ব্যক্তি আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত সিরাজুল, গোলাম, সুজন, রহিমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, রাত পৌনে আটটায় ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে কচাকাটা নায়েকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষ থামাতে বিজিবি একটি গুলি ছোড়ে। এ ছাড়া ইন্দ্রগড় প্রাথমিক বিদ্যালয়, পূর্ব খামার মাদ্রাসা, মুড়িয়াহাট উচ্চবিদ্যালয়, পাটেশ্বরী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে ভোট চলাকালীন ও ভোট গণনা শেষে সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতেও ১২ জন আহত হন। কচাকাটা থানার ওসি জাকির-উল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁরা গুলি ছুড়তে বাধ্য হন। এ ঘটনায় পুলিশ পৃথক দুটি মামলা করেছে।