নির্বাচনী সহিংসতায় আরও একজন নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নির্বাচনী সহিংসতায় আহত এক ব্যক্তি আজ সোমবার মারা গেছেন।
মৃত ওই ব্যক্তির নাম মনির হোসেন (৩২)। আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের আবদুল করিমের ছেলে তিনি।
গত ফেব্রুয়ারিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার পর সংঘর্ষের শুরু মার্চে। ছয় ধাপের এই নির্বাচনে আজ সোমবার পর্যন্ত নিহত লোকের সংখ্যা দাঁড়াল ১১১ জনে। আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ। গত শনিবার ষষ্ঠ ও শেষ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচনকে সবচেয়ে প্রাণঘাতী নির্বাচন বলছেন পর্যবেক্ষকেরা।
আড়াইহাজার থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মে খাগকান্দা ইউপি নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের শম্ভুপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দখল নিয়ে সদস্য পদপ্রার্থী জাকির হোসেন ও মোতালিব মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে মনির হোসেনসহ চারজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মনিরের অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সোমবার সকালে মনির মারা যান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই মৃত্যুর ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।