নির্বাচনী সহিংসতায় আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে মনির আহমদ (২৮) নামের আরও একজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোররাত চারটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।

মনির সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়ার বাসিন্দা আবদুস সালামের ছেলে।

এর আগে গতকাল সাবরাং ইউনিয়নের মাঝরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় রাত সাড়ে আটটার দিকে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো. শফিক আলম ঘটনাস্থলে মারা যান। রাত সাড়ে নয়টার দিকে একই ইউনিয়নের মুন্ডার ডেইল আল হোসাইনিয়া মাদ্রাসা কেন্দ্রের ফল উপজেলা পরিষদে নিয়ে আসার পথে সাবরাং বাজারপাড়া এলাকায় ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এ সময় এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে টেকনাফ থেকে বিজিবি, পুলিশ ও র‌্যাবের বিশেষ টহল দল ঘটনাস্থলে গিয়ে ফাঁকাগুলি বর্ষণ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে। সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবদুল গফুর নামের এক ব্যক্তি। তিনি স্থানীয় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী নুর হোসেনের ভাই।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে পুলিশের এক বিশেষ দল ঘটনাস্থল সাবরাং বাজারপাড়া এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় মনির আহমদ নামে আরও একজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে উখিয়া বাজার এলাকায় তিনি মারা যান।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুলতান আহমদ বলেন, টেকনাফের নির্বাচনী সহিংসতায় নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার অপারেশন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, তিনজনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় রাতে উদ্ধার মনির আহমদকে কক্সবাজার নেওয়ার পথে মারা যায়। এর আগে আবদুল গফুর ও মো. শফিক আলম নামের আরও দুজন মারা যায়। এ ঘটনায় পুলিশ, বিজিবি বাদী হয়ে মামলা করবে।