নির্বাচনী সহিংসতায় আহত একজনের মৃত্যু
ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পর সহিংসতায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল রোববার রাতে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান।
মারা যাওয়া ব্যক্তির নাম এনামুল হক (২৮)। তাঁর বাড়ি পরাণগঞ্জ ইউনিয়নের বীর বওলা গ্রামে।
ইউপি নির্বাচনের চার ধাপে সহিংসতায় এখন পর্যন্ত ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, পরাণগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সদস্যপদে পরাজিত জমশেদ আলীর সমর্থকেরা গতকাল রোববার দুপুরের দিকে বিজয়ী প্রার্থী মো. বাবুল মিয়ার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালান। এতে বাবুল মিয়ার আটজন কর্মী-সমর্থক আহত হন। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এনামুলকে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে স্থানান্তর করা হয়। রাত ১০টার দিকে তিনি মারা যান।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, এনামুলের মরদেহ আনা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে।
ঘটনার বিষয়ে জমশেদ আলীর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।