নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংস ঘটনায় আহত মজিবর রহমান (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাত দশটার দিকে তাঁর লাশ ঢাকা থেকে শ্রীবরদীতে আনা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ ধাপে গত ৪ জুন অনুষ্ঠিত শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষে ভারেরা গ্রামে দুই পরাজিত সাধারণ সদস্য পদপ্রার্থী রাজা মিয়া ও তাঁর প্রতিদ্বন্দ্বী জজ মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে রাজা মিয়ার সমর্থক ও তাঁর চাচা মজিবর রহমান আহত হন। ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সেখানে তিনি মারা যান। পরে আত্মীয়-স্বজন তাঁর লাশ রাত দশটার দিকে ঢাকা থেকে সরাসরি শ্রীবরদী থানায় নিয়ে আসেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এস আলম বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত মজিবরের ভাতিজা রাজা মিয়া বাদী হয়ে ৮-৯ জনকে আসামি করে মামলা করেছেন। তবে কেউ গ্রেপ্তার হননি। পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। শুক্রবার শেরপুর জেলা হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।