নির্বাচনী সহিংসতায় দুজন নিহত, আহত ৮৩
ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নে বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলায় পরাজিত সদস্য প্রার্থীর ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের পূর্বচর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ছাড়া পটুয়াখালীতে নির্বাচনী সহিংসতায় আহত এক ব্যক্তি গতকাল বৃহস্পতিবার ঢাকায় মারা গেছেন। আর পঞ্চগড়, বরিশাল ও মুন্সিগঞ্জে বুধবার রাতে ও গতকাল নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রায় ৬৯ জন আহত হয়েছেন। ঢাকার বাইরে প্রথম আলোর কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কেরানীগঞ্জ (ঢাকা): প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে বিলাসপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের বিজয়ী সদস্য আবুল হোসেনের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি একই ওয়ার্ডের পরাজিত প্রার্থী আলাল মাতবরের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় মিছিল থেকে কয়েকজন আলাল মাতবরের বাড়িতে অতর্কিত হামলা চালান। এ সময় ঘটনাস্থলে থাকা আলাল মাতবরের ভাই জালাল মাতবর টেঁটাবিদ্ধ হয়ে মারা যান। তখন আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ১৪ জন আহত হন। তাঁদের দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত বিলাল হোসেন, শাকিব ও মিজানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পটুয়াখালী: দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় গুরুতর আহত শাহজাহান মৃধা (৪৩) গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ জানায়, নির্বাচনের আগের দিন সোমবার রাতে ইউনিয়নের আদমপুরা বাজারে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মৃধা ও বিএনপির প্রার্থী সৈয়দ মাহফুজুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে শাহজাহান গুরুতর আহত হন।
মুন্সিগঞ্জ: সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের রাজনগর ও ছোট মধ্যনগর গ্রামে গতকাল সকালে বিজয়ী ও পরাজিত দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টায় বালুরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য মো. আফজাল ও পরাজিত ইউপি সদস্য শাহ আলীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে। এ সময় পরাজিত প্রার্থীর সমর্থকেরা ইউপি সদস্য আফজাল হোসেনের বাড়ি ভাঙচুর করে। টেঁটাবিদ্ধ হন পাঁচজন। এদিকে গতকাল রাতে শ্রীনগর উপজেলার কুকুটিয়া ও তন্তর ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। বুধবার দুপুরে হাঁসাড়া ইউপির আওয়ামী লীগের প্রার্থী আহসান হাবীবের লোকজন স্বতন্ত্র প্রার্থী সোলায়মানের দুই কর্মীকে পিটিয়ে আহত করেন।
বরিশাল: বুধবার রাতে গৌরনদী ও উজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে সহিংসতায় ৪৫ আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়ি।