সহিংসতায় নিহত ১, বিএনপির প্রার্থীকে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে আজ শুক্রবার সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গাইবান্ধার ফুলছড়িতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীকে গুলি করা হয়েছে। 

গত ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আজ পর্যন্ত সহিংসতায় ১০৩ জনের প্রাণহানি ঘটল। কাল শনিবার ইউপি নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপে সাত শতাধিক ইউপিতে ভোট গ্রহণ করা হবে।
চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের আমানউল্লাহপাড়ায় শুক্রবার বিকেলে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মো. ফারুক (৩৫) নামের একজন নিহত ও পাঁচজন আহত হন। স্থানীয় লোকজন বলেন, আমানউল্লাহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ইউপি সদস্য পদপ্রার্থী মুছা তালুকদার ও মো. ওমর ফারুকের সমর্থকেরা মহড়া দেন বিকেল চারটার দিকে। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে লাঠির আঘাতে ওমর ফারুকের সমর্থক মো. ফারুকের মাথা ফেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, দুই প্রার্থীর লোকজন ভোটের আগের দিন কেন্দ্রের সামনে অবস্থান নেওয়ার পর সংঘর্ষ বাধে। এতে একজন মারা যান।
এদিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নে বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুর রহমানকে (৬২) ডাকাতিয়ারচর গ্রামে তাঁর বাড়ির ভেতরে গুলি করে কয়েকজন যুবক। এ সময় এলাকাবাসী চারজনকে আটক করে স্থানীয় বিজিবির অস্থায়ী ক্যাম্পে সোপর্দ করেন।
বিএনপি প্রার্থীর ভাই সিরাজুল ইসলাম বলেন, রাত দুইটার দিকে বাড়ির জানালা দিয়ে কয়েক ব্যক্তি ঘুমন্ত আজিজুরকে লক্ষ্য করে গুলি করে। দুটি গুলি তাঁর বাঁ পায়ে ও একটি ডান পায়ে লাগে। তাঁকে প্রথমে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গুলির শব্দে এলাকাবাসী চারপাশ ঘিরে ফেলে একটি মোটরসাইকেলসহ চারজনকে আটক করে। এদের মধ্যে মেহেদী হাসান ও জাহাঙ্গীর আলম ইউনিয়ন ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
আজিজুর রহমানের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মান্নান আকন্দের লোকজন হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছেন।
এ অভিযোগের বিষয়ে জানতে আবদুল মান্নানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।