নির্বাচনী সহিংসতায় নিহত ৬
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) আজ শনিবার পাঁচ জেলায় নির্বাচনী সহিংসতায় মোট ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজশাহীর বাগমারায় দুজন নিহত হন। এ ছাড়া গাইবান্ধার সাদুল্যাপুর, নরসিংদীর রায়পুরা, কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একজন করে নিহত হন।
গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছে। তাঁর নাম লেবু মিয়া। বাড়ি ধাপেরহাট সংলগ্ন দামদারি গ্রামে। ওই গ্রামটি রংপুরের পীরগঞ্জ এলাকার অন্তর্গত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রেই ফলাফল ঘোষণার দাবিতে ধাপেরহাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের সমর্থকেরা রাত পৌনে আটটার দিকেধাপেরহাট বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও শুয়ে পড়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে ও রাবার বুলেট ছোড়ে। এ সময় ওই প্রার্থীর সমর্থকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েসসহ পাঁচজন পুলিশ সদস্য ও অন্তত সাতজন বিক্ষোভকারী আহত হন। গুরুতর আহত লেবু মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
লেবু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারিক হোসেন। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মোস্তাফিজার রহমান জানান, ধাপের হাটে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে লেবু মিয়াও ছিলেন বলে শুনেছি। ওই সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।
বাগমারা (রাজশাহী): রাজশাহীর বাগমারায় আজ আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত একজনের নাম সিদ্দিকুর রহমান (৩০)। অপর ব্যক্তির (৪৫) পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সিদ্দিকুরের বাড়ি আউচপাড়া ইউনিয়নের সারন্দি গ্রামে। এই ঘটনায় পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হন।
রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ কর্মী সিদ্দিকুর রহমান গুলিতে মারা গেছেন। তবে কার গুলিতে মারা গেছেন তা তদন্ত ছাড়া বলা যাবে না। আর অজ্ঞাত ব্যক্তি ককটেল বিস্ফোরণের পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
রাজশাহীর সহকারী পুলিশ সুপার আসলাম উদ্দিন জানান, লাশ দুটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা ছয়টায় তার লাশ ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখা যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ শনিবার বিকেলে আউচপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সরদার জান মোহাম্মদ ও দলের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলামের লোকজন মিছিলের প্রস্তুতি নেয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে ইউনিয়নের হাটগাঙ্গোপাড়া বাজারে দুই পক্ষ ধারালো ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় আওয়ামী লীগের প্রার্থী জান মোহাম্মদের সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। অভিযোগ উঠেছে, এর একপর্যায়ে পুলিশ গুলি ছোড়ে। আওয়ামী লীগের কর্মীরা তখন বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। গুলি-ককটেল বিস্ফোরণের একপর্যায়ে সিদ্দিকুর রহমান ও অজ্ঞাত এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। সব মিলেয়ে অর্ধশত ব্যক্তি আহত হন।
স্থানীয় হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাসুদ আলী জানান, সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।
নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে হোসেন আলী (৫৫) নামের একজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষ হয়। নিহত হোসেন আলী মধ্যনগর এলাকার বাসিন্দা।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সংঘর্ষে এক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন জায়গায় ছোট-বড় সংঘর্ষ হয়েছে। এর মধ্যে পাড়াতলী ইউনিয়নে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে হোসেন আলী নামের একজন মারা গেছেন।’ ওসি জানান, হোসেন আলীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুমিল্লা: জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দুই সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তাপস চন্দ্র দাশ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বেলা ১১টার দিকে উত্তর চান্দলা বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাধারণ সদস্য প্রার্থী মোরগ প্রতীকের রেজাউল করিমের অনুসারীদের সঙ্গে চাপকল প্রতীকের সুলতান আহমেদের অনুসারীদের ভোট দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে ঘটনাস্থলেই তাপসের মৃত্যু হয়। তাঁর বাড়ি উত্তর চান্দলা গ্রামে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও: জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কালডাঙ্গা মাদ্রাসা ভোটকেন্দ্রে আজ দুপুরে জালভোট দেওয়াকে কেন্দ্র করে তিন ইউপি প্রার্থীর কর্মী-সমর্থকের সংঘর্ষ চলাকালে গুলিতে এক যুবক নিহত হন। তাঁর নাম মাহবুব আলম (২৮)। তিনি মাছখুড়িয়া গ্রামের আবদুল জব্বারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে কালডাঙ্গা মাদ্রাসা ভোটকেন্দ্রে জালভোট দেওয়াকে কেন্দ্র করে ইউপি প্রার্থী গিয়াস উদ্দিন, মো. আলম ও সামশুল হকের কর্মী-সমর্থকের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে মাহবুব আলম নিহত হন। এ ঘটনায় দুজন গুলিতে আহত হয়েছেন। নাজিম উদ্দিন নামে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে প্রশাসন।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ও ঠাকুরগাঁও; গাইবান্ধা, নরসিংদী ও বাগমারা (রাজশাহী) প্রতিনিধি}