নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের জমিদাতা এ বিষয়ে ৩ মার্চ পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
বিদ্যালয়ের জমিদাতা পীরগঞ্জ উপজেলার ভাদুয়া গ্রামের অসন্ন হাজরা লিখিত অভিযোগে উল্লেখ করেন, ১১ মার্চ ভাদুয়া উচ্চবিদ্যালয়ে সাধারণ অভিভাবক সদস্যপদের নির্বাচন হবে। এতে অংশ নেওয়া লিলি রানী রায়, বিনয় চন্দ্র রায়, মানিক চন্দ্র রায়সহ কয়েকজন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নিজের খেয়ালখুশিমতো পোস্টার ছেপে বিভিন্ন জায়গায় লাগাচ্ছেন।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা-সংক্রান্ত পরিপত্রের প্রচারণাবিষয়ক বিধান ২৬ এর ২ ধারা অনুযায়ী, প্রচারণায় সাড়ে পাঁচ ইঞ্চি প্রস্থ ও সাড়ে আট ইঞ্চি দৈর্ঘ্যের সাদা-কালো লিফলেট প্রকাশ ছাড়া অন্য কোনো খাতে অর্থ ব্যয় করা এবং নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে না। অথচ ওই প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ১১ ইঞ্চি প্রস্থ ও ১৭ ইঞ্চি দৈর্ঘ্যের পোস্টার ছেপেছেন।
গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ওই বিদ্যালয় ও স্থানীয় বাজারের দোকানপাটের দেয়াল ছাড়াও বিভিন্ন জায়গায় প্রার্থীদের বড় বড় পোস্টারে ছেয়ে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরত চন্দ্র রায় জানান, বিদ্যালয়ের ৪৮৪ জন অভিভাবকের প্রত্যক্ষ ভোটে পাঁচ জন অভিভাবক সদস্য নির্বাচিত হবেন। সাধারণ অভিভাবক সদস্যের চারটি পদের জন্য ১৬ জন এবং সাধারণ মহিলা আসনের একটি পদের দুইজন মিলিয়ে ১৮ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন।
পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘আমি প্রার্থীদের ডেকে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছি।’