নির্বাচনে সাংবাদিকদের ওপর হামলার তদন্ত শুরু
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তদন্ত গতকাল রোববার থেকে শুরু হয়েছে। গতকাল প্রথম দিনে হামলার শিকার তিন সাংবাদিকসহ মোট ৪০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি।
কমিটির আহ্বায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা। অপর দুই সদস্য হচ্ছেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব ফরহাদ আহমেদ খান ও সিএমপির উপপুলিশ কমিশনার (সদর) ফারুক আহমেদ।
শংকর রঞ্জন সাহা বলেন, ‘২৮ এপ্রিল ভোট গ্রহণের দিন কয়েকটি কেন্দ্রে অনিয়মের বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ওপর ঘটনার তদন্ত করার দায়িত্ব পেয়েছি আমরা। ওই ঘটনায় সংশ্লিষ্টদের জবানবন্দি নিচ্ছি। আজ মোট ৪০ জনকে জিজ্ঞাসাবাদ করেছি।’
নির্বাচনের দিন আগ্রাবাদ বেপারিপাড়া তালেবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি কেন্দ্র ও হালিশহর কেজিএন স্কুল কেন্দ্রে জোরপূর্বক ব্যালটে সিল মারার খবর সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক হামলার শিকার হন। চারজনের মধ্যে তিনজন তদন্ত কমিটির কাছে জবানবন্দি দিয়েছেন। এঁরা হলেন দৈনিক পূর্বকোণ-এর আলোকচিত্রী মিয়া আলতাফ, আরটিভির সাংবাদিক ফারভেজ উর রহমান ও ৭১ টেলিভিশনের সাংবাদিক আজাদ তালুকদার।