নির্বাচনে হেরে মারধর, হুমকি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী রওজা প্রামাণিক এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনকে মারধর করছেন এবং হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এক নারীকে মারধর করার অভিযোগে তাঁর বিরুদ্ধে গত রোববার রাতে মামলা হয়েছে।
সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদে (ইউপি) চতুর্থ ধাপে গত ৭ মে ভোট হয়। নির্বাচনে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে (টিয়াগাছা গ্রাম) সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রওজা প্রামাণিক। তিনি মনজু মিয়ার কাছে পরাজিত হন।
টিয়াগাছা গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, রওজার বাড়িও টিয়াগাছা গ্রামে। নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে তিনি গ্রামের হিন্দুদের ভয়ভীতি দেখাচ্ছেন এবং হুমকি দিচ্ছেন। গ্রামবাসী কেন তাঁকে ভোট দেননি, এ নিয়ে রওজা তাঁদের ওপর ক্ষুব্ধ।
গ্রামের কার্তিক চন্দ্র দাস বলেন, এই গ্রামে হিন্দু সম্প্রদায়ের ৩৫টি পরিবার বসবাস করে। তারা সবাই মৎস্যজীবী। রওজার হুমকি-ধমকিতে তারা আতঙ্কে আছে।
এদিকে কথা-কাটাকাটি হওয়ায় গত রোববার সন্ধ্যায় রওজা গ্রামের শেফালি রানী (৩৮) নামের এক নারীকে মারধর করেন। বর্তমানে তিনি সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় শেফালির স্বামী নরেশ চন্দ্র বাদী হয়ে ওই রাতে রওজা ও তাঁর স্ত্রী মিরা বেগমকে আসামি করে সাদুল্যাপুর থানায় মামলা করেন। রওজা ও নরেশের বাড়ি একই পাড়ায়।
নরেশ চন্দ্র অভিযোগ করেন, রওজা লোকজন নিয়ে তাঁর বসতবাড়িতে হামলা চালান এবং তাঁর স্ত্রীকে মারধর করেন।
রওজা প্রামাণিক মুঠোফোনে বলেন, নির্বাচনে পরাজিত হয়ে মারধর বা হুমকি দেওয়ার অভিযোগ সঠিক নয়। নরেশদের সঙ্গে তাঁর সামান্য কথা-কাটাকাটি হয়েছে। তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
সাদুল্যাপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র অধিকারী বলেন, রওজা ভোটে পরাজিত হওয়ায় টিয়াগাছা গ্রামের হিন্দু পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে।
সাদুল্যাপুর থানার উপপরিদর্শক মাহাবুব আলম গতকাল সোমবার বলেন, কী কারণে এই ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।