নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ: টিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ও পেশিশক্তির প্রয়োগ করে ব্যাপক অনিয়ম সংঘটিত হওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে ‘বিতর্কিতভাবে’ মাঝপথে নির্বাচন বর্জন দেশের রাজনৈতিক অঙ্গনে সুস্থ পরিবেশ প্রতিষ্ঠার পথে নতুন করে ঝুঁকির সৃষ্টি করবে বলেও মনে করে দুর্নীতিবিরোধী সংস্থাটি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গতকাল এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক একটি প্রতিষ্ঠানের নির্বাচনী আইন প্রয়োগসহ স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। ইফতেখারুজ্জামান বলেন, ব্যাপক কারচুপির নির্ভরযোগ্য তথ্য আর প্রমাণ থাকার পরও কমিশন কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে অস্বীকৃতি, মিথ্যাচারের আশ্রয় নিয়ে নিজেকে বিব্রত করেছে। যথাযথ দায়িত্ব পালনে নির্বাচন কমিশন শুধু যে ব্যর্থ হয়েছে তা-ই নয়, বরং কমিশন পক্ষপাতমূলক আচরণ করায় সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ও জন আস্থা ধূলিসাৎ হয়ে গেছে।
বিবৃতিতে আরও বলা হয়, দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী নীরব দর্শক ও পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করেছে। ক্ষেত্রবিশেষে রাজনৈতিক শিখণ্ডি হিসেবে ব্যবহৃত হয়ে নিজেদেরও প্রশ্নবিদ্ধ করেছে। ওপর মহলের নির্দেশের অজুহাত দেখিয়ে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া ও নির্বাচন পর্যবেক্ষণে দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিদের পর্যাপ্ত সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়ে এই বাহিনী তার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। নির্বাচন কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থার এরূপ ব্যর্থতা মানুষের ভোটের অধিকার ব্যাপকভাবে খর্ব করেছে এবং একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানই নিজেদের জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিব্রত করেছে বলে মনে করছে টিআইবি।
ফেমার বক্তব্য: গতকাল নির্বাচন পর্যবেক্ষণকরী ফেমার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় তারা ৩৪ জন ভ্রাম্যমাণ পর্যবেক্ষক দিয়ে ১৭৪টি কেন্দ্র পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণ করা প্রায় প্রতিটি কেন্দ্রের ভেতরে বিশেষ মেয়র প্রার্থীর এজেন্টদের উপস্থিতি দেখা গেছে। অধিকাংশ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীর এজেন্টদের অনুপস্থিতি দেখা গেছে। দুপুর ১২টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল প্রত্যাশার চেয়ে লক্ষণীয়ভাবে কম।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসির পক্ষ থেকে নির্বাচন আয়োজন সন্তোষজনক ছিল। তবে কিছু কিছু কেন্দ্রে সীমাবদ্ধতা দেখা গেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও দেখা গেছে।