নির্বাচন (ইউনিয়ন পরিষদ) পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুল আজিজ। তাঁর বাড়ি নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামে।
১৮ জুলাই উপজেলার দাদপুর ইউনিয়নের গৌরীপুর এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আবদুল আজিজের বাবা মো. আফছারও সেদিন সংঘর্ষে আহত হয়েছিলেন।
পুলিশ জানায়, গত ৪ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতার শিকার হয়েছিলেন বাবা ও ছেলে। দাদপুর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী (নির্বাচিত) দেলোয়ার হোসেন ও বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানের মধ্যে বিরোধকে কেন্দ্রে করে ওই এলাকায় একাধিকবার পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। বাবা ও ছেলে সেদিন ওই পথ দিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আবদুল আজিজের মারা যাওয়ার খবর তাঁকে জানানো হয়েছে। তিনি বলেন, সেদিনের হামলা ও গুলির ঘটনায় আহত ব্যক্তিদের পরিবারকে থানায় মামলা করতে বলা হয়েছিল। কিন্তু তাঁরা মামলা করেননি। এখন অভিযোগ করলে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।