প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় গ্রেপ্তার হওয়া নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গতকাল সোমবার তাঁকে বরখাস্ত করা হয়।
সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান। অসদাচরণের অপরাধের অভিযোগে তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গত রোববার সকালে নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমানকে গ্রেপ্তার করে দুদক। তাঁর বিরুদ্ধে ৩৩ লাখ ৯৩ হাজার ৫৯১ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ লাখ ৪০ হাজার ৪৫২ টাকার সম্পদের তথ্য গোপনের কারণে গত ১৭ জুলাই নগরের খুলশী থানায় মামলা করা হয়।