কুড়িগ্রামের নাগেশ্বরীতে মিছিল করতে নিষেধ করায় গতকাল রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান দোলনকে লাঞ্ছিত করেছেন আওয়ামী লীগের সমর্থকেরা। জেলার তিনটি পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা ও গণসংযোগ নিয়ে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন।
আবু রায়হান দোলন গতকাল রাত সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকুর পক্ষে একটি মিছিল বের হয়। আমি কলেজ মোড় এলাকায় তাঁদের থামিয়ে মিছিল করতে নিষেধ করি। এ নিয়ে নেতৃত্বদানকারীদের সঙ্গে কথা বলার সময় পেছন থেকে আমার মাথা, বুক ও পিঠে আঘাত করেন আওয়ামী লীগের সমর্থকেরা। পরে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’
তবে মোহাম্মদ হোসেন ফাকু দাবি করেন, তাঁর সমর্থকেরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করেননি। তিনি উল্টো অভিযোগ করেন, তাঁর বিজয় ঠেকাতে বিরোধী পক্ষ এ ঘটনা ঘটিয়েছে।
গতকাল মোহাম্মদ হোসেন হাশেমবাজার ও নাগেশ্বরী বাজারে দুটি পথসভায় ভাষণ দেওয়া ছাড়াও বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। নাগেশ্বরীতে বিএনপির মেয়র প্রার্থী মো. আদম আলীর পক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান গতকাল দিনব্যাপী গণসংযোগ করেন। আদম আলী বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলে অবশ্যই জয়ী হব।’ এ ছাড়া জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী মো. আবদুর রহমান মিয়া নাগেশ্বরী বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। আবদুর রহমান বলেন, কোনো রকম অঘটন না ঘটলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
উলিপুরে গত শনিবার রাতে পোস্টার লাগানোর সময় বিএনপির চার কর্মীকে আটক করে পুলিশ। এ প্রসঙ্গে বিএনপির মেয়র প্রার্থী আবু আলা তারিক চৌধুরী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় পুলিশ বিএনপির নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করছে। এদিকে গত শুক্রবার রাতে উলিপুরের আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল হামিদের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের পর উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় জেলা বিএনপির সভাপতি তাসভিরুল ইসলামসহ আটজনকে আসামি করে মামলা করেছে আওয়ামী লীগ। পরে এ ঘটনায় বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া এখানে গতকাল জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী সফিকুল ইসলাম ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী সাজেদুল ইসলামও ব্যাপক গণসংযোগ চালান।
কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল জলিল গতকাল খেজুরেরতল, পুরাতন স্টেশন, চামড়ার গোলা, ঘোষপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, ‘জনগণের দোয়া ও ভালোবাসায় জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’ বিএনপির প্রার্থী বর্তমান মেয়র নুর ইসলাম গতকাল দুপুরে পুরাতন পোস্ট অফিসপাড়ায় দলীয় নির্বাচনী এজেন্টদের নিয়ে সমাবেশ করার পর সন্ধ্যায় নাজিরায় এক নির্বাচনী পথসভায় বক্তব্য দেন।