নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্র্রেটের বিরুদ্ধে নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ উঠেছে। পঞ্চম দফায় গত ২৮ মে ওই ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হয়। গতকাল মঙ্গলবার ভোগনগর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করা হয়।
ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রাজিউর রহমান। তবে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ মাহামুদ ওই অভিযোগ অস্বীকার করেছেন।
লিখিত বক্তব্যে রাজিউর রহমান বলেন, ইউনিয়নের নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফলাফল পরিবর্তন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ মাহামুদ জামায়াত-দলীয় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান পান্নাকে বিজয়ী করতে সহায়তা করেন। নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণার মুহূর্তে স্ট্রাইকিং ফোর্সসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ মাহামুদ ওই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে প্রিসাইডিং কর্মকর্তার কাছে থাকা ফলাফল সিট নিয়ে ছিঁড়ে ফেলেন। কেন্দ্রে ফলাফল ঘোষণা না করে প্রিসাইডিং কর্মকর্তাসহ ব্যালট বাক্স নিয়ে ইউএনও অফিসে চলে যান। সেখানে প্রার্থীদের এজেন্টদের স্বাক্ষরবিহীন একটি ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে ওই ভোটকেন্দ্রে রাজিউরের প্রাপ্ত ভোট দেখানো হয়েছে ১ হাজার ২৮১ ও বিজয়ী বদিউজ্জামান পান্নার প্রাপ্ত ভোট দেখানো হয়েছে ৫৮২। ওই কেন্দ্রে মহিলা ও পুরুষ ভোটারদের জন্য পৃথক দুটি বুথ ছিল। কেন্দ্রে গণনায় দেখা যায, বদিউজ্জামান মহিলা বুথে ৮০ ও পুরুষ বুথে ৭০ ভোট পান। ঘোষিত ফলাফলে বদিউজ্জামান পান্না ৬ হাজার ৫১৭ ভোট পেয়ে নির্বাচিত ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজিউরের প্রাপ্ত ভোট দেখানো হয় ৬ হাজার ১২৬।
ওই সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ভোটের ফলাফল পাল্টে দেওয়ায় ২৮ মে রাতেই রাজিউর রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে ফলাফল ঘোষণা স্থগিত করার দাবি জানান। সেই সঙ্গে ওই কেন্দ্রে পুনরায় ভোট গণনার জন্য আবেদন করেন। তাঁর আবেদন বিবেচনা না করে প্রশাসনের তৈরি মনগড়া ফলাফল ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. নুর ইসলাম, ভোগনগর ইউনিয়ন আওয়ামী লীেগর সভাপতি আদম মালিক, সাধারণ সম্পাদক মো. মমতাজুল করিম, ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা ছাড়াও শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গৌরাঙ্গ পাল ফলাফল সিট ছিঁড়ে ফেলার কথা স্বীকার করে জানান, ত্রুটি থাকার কারণে সেটি ছিঁড়ে ফেলা হয়েছিল। তবে ফিরোজ মাহামুদ বলেন, ওই কেন্দ্রের ফলাফল কেন্দ্রেই ঘোষণা করা হয়েছে। িনর্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি কেবল আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেছেন।