নির্বিচারে গাছ কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল মহাসড়ক সম্প্রসারণের লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার প্রায় ১৭ কিলোমিটার অংশে সামাজিক বনায়ন প্রকল্পের গাছ কাটছেন ঠিকাদারেরা। দরপত্রবহির্ভূত অনেক গাছও কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বন বিভাগের গৌরনদী কার্যালয় সূত্রে জানা গেছে, মহাসড়ক সম্প্রসারণের লক্ষ্যে ভূরঘাটা থেকে উজিরপুর বাটাজোর পর্যন্ত গাছ কাটার জন্য বন বিভাগ সিদ্ধান্ত নেয়। এর আগে সড়কের দুই পাশে আট ফুটের মধ্যে থাকা গাছের দরপত্র আহ্বানের জন্য লাল ও সবুজ শনাক্তকরণ চিহ্ন দেওয়া হয়। গত বছরের ১ নভেম্বর দরপত্র আহ্বান করা হয়। চলতি বছরের ৩০ মার্চ ৪৭০টি গাছ কাটার জন্য সাতজন ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশের শর্ত অনুযায়ী ১৫ দিনের মধ্যে (১৫ এপ্রিল) গাছ কাটার কথা। ঠিকাদারেরা ১ এপ্রিল থেকে গাছ কাটা শুরু করেন।
গাছ ব্যবসায়ী মো. মিজানুর রহমান, মো. নাসির উদ্দিন, আবদুল মান্নান মৃধা ও মো. ওমর আলী বলেন, বন বিভাগ গৌরনদীর কর্মকর্তারা নিজেদের পছন্দের ঠিকাদারদের কাছে প্রায় অর্ধকোটির টাকার গাছ ৩ লাখ ৩২ হাজার ৮৩ টাকায় বিক্রি করেছেন।
কার্যাদেশ ঘেঁটে দেখা গেছে, গৌরনদীর কসবা থেকে বার্থী বাসস্ট্যান্ড পর্যন্ত গাছ কেটে নেওয়ার জন্য মো. মহসিন আলম কার্যাদেশ পেয়েছেন। তিনি মহসড়কের দুই পাশের প্রায় পাঁচ কিলোমিটার জায়গার গাছ কিনেছেন ৭৯ হাজার ৬৭৯ টাকায়। আশোকাঠি হেলিপ্যাড থেকে কসবা পর্যন্ত ঠিকাদার নির্বাচিত হয়েছেন মো. খোকন মোল্লা। তিনি প্রায় তিন কিলোমিটার অংশের গাছ কিনেছেন ১ লাখ ১৯ হাজার ৬০০ টাকায়। অন্য ঠিকাদারেরা হলেন মো. রেজাউল করিম হাওলাদার, শরীফ ব্যাপারী, হায়দার শরীফ, এনায়েত হোসেন ও আনোয়ার হোসেন।
মো. শাহিন, সোহরাব হোসেন, মো. আলমসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, বন বিভাগ ও সওজ বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে ঠিকাদারেরা দরপত্রবহির্ভূত বড় বড় মেহগনি, রেইনট্রি, কড়ই ও চাম্বলগাছ কেটে নিচ্ছেন।
ভূরঘাটা থেকে বার্থী পর্যন্ত এলাকার সুবিধাভোগী সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব রঞ্জন দত্ত বলেন, বন বিভাগের কর্মকর্তাদের অনিয়মের কারণে সংগঠনের ৩২ জন সদস্য ঠকেছেন।
গত বৃহস্পতিবার সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে দেখা গেছে, ঠিকাদার মহসিন আলমের লোকজন বার্থী এলাকায় গাছ কাটছেন। নীল খোলা সেতু থেকে উত্তরে মহাসড়কের দুই পাশে এক কিলোমিটারে দরপত্র বহির্ভূত ১২টি পুরোনো মেহগনি ও রেইনট্রি গাছ কেটে নিয়ে গোড়া মাটি দিয়ে ঢেকে দিয়েছেন ঠিকাদার। এ ছাড়া সুন্দরদী এলাকায় মজিবর ঘরামির বাড়ির সামনের দুটি বড় মেহগনি ও সিদ্দিক দেওয়ানের বাড়ির সামনের একটি বড় রেইনট্রি গাছ কেটে নিয়েছেন মহসিন। সিদ্দিক দেওয়ানের ছেলে সহিদুল ইসলাম বলেন, ‘আমার বাড়ির সামনে ঠিকাদার মহসিনের লোকজন বড় একটি রেইনট্রি গাছ কাটা শুরু করলে, আমি বাধা দিই। তখন সচিবের ভয় দেখিয়ে মামলার হুমকি দেওয়া হয়। পরে গাছটি কেটে নিয়ে যায়।’
জানতে চাইলে ঠিকাদার মহসিন আলম সচিবের নামে ভয় দেখানো বা হুমকি দেওয়ার অভিযাগ অস্বীকার করে বলেন, শ্রমিকেরা হয়তো ভুলে চার-পাঁচটি গাছ কেটে থাকতে পারেন। ঠিকাদার খোকন মোল্লা বলেন, ‘আমি দরপত্রবহির্ভূত কোনো গাছ কাটিনি।’
সওজ বরিশাল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. আবু হানিফ বলেন, ‘দরপত্রবহির্ভূত গাছ কেটে নেওয়ার বিষয়ে কেউ অভিযোগ করেননি।’
গৌরনদী উপজেলা বন কর্মকর্তা মণীন্দ্রনাথ বিশ্বাস বলেন, যথাযথ নীতিমালা অনুসরণ করে ঠিকাদার নির্বাচন ও কার্যাদেশ দেওয়া হয়েছে। দরপত্রবহির্ভূত দু-একটি গাছ কাটার ঘটনা ঘটে থাকতে পারে। ঠিকাদার খোকন মোল্লার বিরুদ্ধে অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।