নির্বিচারে পাখি শিকার করে বাজারে বিক্রি
বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে নির্বিচারে পরিযায়ী ও দেশি পাখি শিকার চলছে। গুলি করে পাখি শিকারের পাশাপাশি বিভিন্ন রকম ফাঁদ ও বিষটোপ ব্যবহার করেও এসব পাখি ধরা হচ্ছে। স্থানীয় বাজারে পাখি বিক্রি হলেও প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোংলার চাঁদপাই, জয়খাঁ, বৈদ্যমারী, সাহেবেরমেঠ, আন্ধারিয়া, মালগাজীসহ বিভিন্ন এলাকায় ফাঁদ ও বিষটোপ ব্যবহার করে পাখি শিকার করছে একটি চক্র। প্রতিবছর তারা পাখি শিকার করে। একইভাবে রামপালের পেড়িখালী, চন্দ্রাখালী, গৌরম্ভা, উলুবুনিয়া ও ভোজপতিয়া গ্রামে পাখি শিকার চলছে। এসব পাখি স্থানীয় বাজারে বিক্রিও হচ্ছে। দেশি পাখি প্রতি কেজি ২০০-২৫০ এবং পরিযায়ী পাখি ৩০০-৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। ১২ জানুয়ারি মোল্লারহাটের খানজাহান আলী বাজারে পাখি বিক্রির সময় তিন ব্যক্তিকে আটক করে পুলিশ।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, জয়খাঁ গ্রামের আবুল কালাম, শুকুর আলীসহ অনেকেই প্রতিবছর শীতের সময় পাখি শিকার করেন। তবে ১০ জানুয়ারি মুঠোফোনে তাঁরা দুজন বলেন, নিজেদের ফসলের খেতে পাখি এলে ধরেন। তাঁরা পেশা হিসেবে পাখি শিকার ও বিক্রির সঙ্গে জড়িত নন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পেশাদার পাখি শিকারি বলেন, চিংড়ি ঘেরের মধ্যে মাটির ঢিবি তৈরি করে জাঁতিকল পেতে রাখা হয়। পাশাপাশি আগেই শিকার করা একটি-দুটি পাখি সেখানে বেঁধে রাখা হয়। নতুন পাখি বসলেই জাঁতিকলে আটকা পড়ে। এ ছাড়া এক ধরনের কীটনাশক মাছের মুখের মধ্যে ঢুকিয়ে বাঁধের ওপর রাখা হয়। ওই মাছ খেয়ে পাখিগুলো অল্পক্ষণের মধ্যে অচেতন হয়ে পড়ে। পরে সেগুলো কুড়িয়ে আনা হয়। এ ছাড়া অনেক শৌখিন শিকারি রাতের বেলা এয়ারগান ব্যবহারের পাশাপাশি লাইসেন্স করা অস্ত্র নিয়ে পাখি শিকার করছেন।
পাখি বিশেষজ্ঞ সামিউল মোহসেনিন বলেন, সুন্দরবন-সংলগ্ন এলাকায় ইউরেশীয় সিথি হাঁস, নাটা গুলিন্দা, পাতি বাটাং, বালু বাটা প্রভৃতি পরিযায়ী পাখি দেখা যায়। এগুলো শিকারিদের হাতে ধরা পড়ছে।
পরিবেশ রক্ষা আন্দোলনের (পবা) মোংলা উপজেলার সমন্বয়কারী নুর আলম বলেন, শৌখিন ও পেশাদার শিকারিদের কারণে গত কয়েক বছরে অতিথি পাখির আসা আশঙ্কাজনক হারে কমেছে। যথাযথ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে শিকারিদের দৌরাত্ম্য কমছে না।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান বলেন, ‘বিষয়টি জেলা আইনশৃঙ্খলা-বিষয়ক সভায় উত্থাপন করেছিলাম। এরপর পাখি শিকার বন্ধে বন বিভাগের দুটি ভ্রাম্যমাণ দল (মোবাইল টিম) গঠন করা হয়েছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে বলা হয়েছে।’