নির্মাণকাজ ফেলে ঠিকাদার লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
3
3

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার তেকানী ইউনিয়নের কান্তনগর বহুমুখী উচ্চবিদ্যালয় ভবনের নির্মাণকাজ ফেলে লাপাত্তা হয়েছেন ঠিকাদার। ঠিকাদারের গাফিলতির কারণে দুই বছরেও নির্মাণকাজ শেষ না হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা বিপাকে পড়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, কাজীপুর উপজেলার চরাঞ্চলের তেকানী ইউনিয়নের কান্তনগর বহুমুখী উচ্চবিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২০১৩ সালের জানুয়ারি মাসে প্রায় ৬০ লাখ টাকা বরাদ্দ দেয়। পরে দরপত্র আহ্বানের মাধ্যমে সিরাজগঞ্জের শফিক কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী ওই বছরই ভবন নির্মাণের কাজ শুরু করেন ঠিকাদার। নিয়মানুযায়ী কার্যাদেশ পাওয়ার ১০ মাসের মধ্যে ভবন নির্মাণের কাজ শেষ করার কথা।
সরেজমিনে দেখা গেছে, ভবনের ভিত্তি ও কয়েকটি কলাম ঢালাই করে রাখা হয়েছে। সামান্য কিছু ইটের খোয়া নির্মাণকাজের স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকা কলামের ওপরের অংশের লোহাগুলোতে মরিচা ধরেছে। ঢালাই করা স্থানের আশপাশে আগাছা জন্মেছে।
বিদ্যালয়ের সাতজন শিক্ষক ও তিনজন অভিভাবক বলেন, কাজ শুরুর পর ঠিকাদার মাত্র এক মাস কাজ করেন। বিল নেওয়ার পর থেকে তিনি আর ওই কাজে হাত দেননি। ঠিকাদার মিস্ত্রি, যন্ত্রপাতিসহ সবকিছু গুটিয়ে চলে গেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়টিতে ৭৫০ জন শিক্ষার্থী রয়েছে। শ্রেণিকক্ষের অভাবে টিনের ঘরে শিক্ষার্থীদের ঠাসাঠাসি করে কিংবা কোনো সময় মাঠে বসিয়ে পাঠদান করা হচ্ছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবাদত হোসেন বলেন, নতুন ভবন নির্মাণ করা হবে, এ কারণে ওই স্থানে থাকা ৭০ হাত লম্বা একটি টিনের ঘর অপসারণ করা হয়। ওই ঘরটি অপসারণ না করলে শ্রেণিকক্ষের কোনো অসুবিধা হতো না। এখন বেশ বেগ পেতে হয়।
ভবন নির্মাণের দায়িত্বে নিয়োজিত উপসহকারী প্রকৌশলী আবদুল জব্বার বলেন, ঠিকাদারকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। এরপরও তিনি কাজ শুরু করছেন না।
এ বিষয়ে ঠিকাদার মো. শফিকুল ইসলামের সঙ্গে কথা বলতে মুঠোফোনে পাঁচ-ছয়বার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
সিরাজগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, ঠিকাদার তাঁর আর্থিক অসচ্ছলতার কারণে কাজটি করতে পারছেন না। তিন দফায় ঠিকাদার প্রায় ১১ লাখ টাকা বিল উঠিয়েছেন। এখনো তাঁর বিল পাওনা রয়েছে। কাজ সম্পন্ন করার নির্ধারিত সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। তাঁকে শেষবারের মতো ১৫ দিনের মধ্যে কাজ শুরু করার জন্য চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে কাজ শুরু না করলে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে আবার দরপত্র আহ্বান করা হবে।