জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দুলালী-সোনাইমাগুড়া সড়কের নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে বাধা দিলে ঠিকাদারের লোকজন হুমকি-ধমকি দিচ্ছেন বলেও জানিয়েছেন স্থানীয় লোকজন।
এদিকে উপজেলা প্রকৌশলী চিঠি দিয়ে ঠিকাদারকে সড়ক থেকে নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ দিলেও ঠিকাদার কোনো কথাই শুনছেন না।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই সড়ক নির্মাণকাজের অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে দুলালী-রত্মাহারের গ্রামবাসীরাগত শুক্রবার বিকেলে স্থানীয় সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদের কাছে লিখিত অভিযোগ দেন। সাংসদের কাছে দেওয়া অভিযোগের অনুলিপি জয়পুরহাটের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীকেও দেওয়া হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে শিডিউল অনুযায়ী কাজ করিয়ে নেওয়ার জন্য জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীকেও নির্দেশ দেন সাংসদ। এরপরও আগের মতোই সড়কে নিম্নমানের ইটের (৩ নম্বর ও গরিয়া ইট) খোয়া ব্যবহার করা হচ্ছে।
গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুলালী রত্মাহার গ্রামের বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, সড়কে ৩ নম্বর ও গরিয়ামিশ্রিত ইটের খোয়া দেওয়া হয়েছে। সড়ক নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদ করায় ঠিকাদার ও তাঁর লোকজনেরা গ্রামের লোকজনদের মামলা ও মারপিটের হুমকি দিয়েছেন।
দুলালী রত্মাহার গ্রামের আফছার আলী (৬০) বলেন, ‘আমি আমার জীবনে এত অনিয়ম-দুর্নীতি দেখিনি। ৩ নম্বর ও গরিয়া ইটের খোয়া পানিতে ভিজিয়ে এনে ১ নম্বর ইটের খোয়া বানানো হচ্ছে। তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী সাইডে এসে নজরানা নিয়ে দ্রুত চলে যান। ঠিকাদারের লোকজন তাঁদের ইচ্ছামতো কাজ করেন।’
দুলালী রত্মাহার গ্রামের আহাম্মদ আলীবলেন, ‘নিম্নমানের ইটের খোয়া সড়কে ফেলতে বাধা দেওয়ায় ঠিকাদার ও তাঁর লোকজনেরা আমাকে থানায় ধরে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। আমরা স্থানীয় সংসদ আবু সাঈদ আল মাহমুদেরকাছে লিখিত অভিযোগ দিয়েছি। ঠিকাদারের বাসা বগুড়ায়। তিনি নাকি প্রভাবশালী। এ কারণে কোনো কিছুরই তোয়াক্কা করছেন না।’
তবে সড়ক নির্মাণকাজের ঠিকাদার রাহুল গাজী বলেন, ‘আমি সাইডে খুবই কম যাই। সড়কে কিছু অংশে নিম্নমানের ইটের খোয়া ফেলানো হয়েছিল। হেড মিস্ত্রিকে সেই খোয়াগুলো অপসারণ করতে বলেছি। আমি বা আমার লোকজন কাউকে মামলা ও মারপিটের হুমকি-ধমকি দেয়নি।’
উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, ‘এলজিইডির আওতায় দুলালী গ্রাম থেকে সোনাইমাগুড়া গ্রাম পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ চলছে। এ কাজে প্রাক্কলিত অর্থ ১ কোটি ৭৪ লাখ টাকা। সড়কে নিম্নমানের খোয়া দেওয়ার বিষয়টি জানার পর ১৮ এপ্রিল সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে পত্র দিয়ে খোয়াগুলো আমাদের লোকজনের উপস্থিতিতে অপসারণ করতে বলেছি। এসব খোয়া অপসারণ না করা পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। কিন্তু ঠিকাদার কোনো কথায় শুনছেন না।’
এ ব্যাপারে জানতে চাইলে সাংসদ আবু সাঈদ আল মাহমুদ গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শিডিউল অনুযায়ী কাজ করিয়ে নেওয়ার জন্য জয়পুরহাটের এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীকেও নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও ঠিকাদার সঠিকভাবে কাজ না করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।