নির্মাণশ্রমিককে গুলি করে মুঠোফোন ও ব্যাগ ছিনতাই
রাজশাহী নগরে আজ শুক্রবার ভোরে এক নির্মাণশ্রমিককে গুলি করে তাঁর মুঠোফোন ও স্ত্রীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নগরের তালাইমারী-ভদ্রা সড়কের দেবীশিংপাড়া আরএস ছাত্রাবাসের সামনে এ ঘটনা ঘটে।
আহত নির্মাণশ্রমিক আল আমিনকে (২৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর বাড়ি নগরের মতিহার থানার খোজাপুর এলাকায়। বাবার নাম আবদুল কুদ্দুস।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকারের ভাষ্য, আল আমিন তাঁর স্ত্রী মাহমুদা আক্তারকে নিয়ে সাইকেলে করে নগরের নওদাপাড়া এলাকায় যাচ্ছিলেন। এ সময় আরএস ছাত্রাবাসের সামনে তিনজন ছিনতাইকারী সাইকেলের গতিরোধ করে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে আল আমিনের কাছ থেকে মুঠোফোন ও তাঁর স্ত্রীর কাছ থেকে ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা আল আমিনকে গুলি করে।
ওসি নূর হোসেন খন্দকার আরও বলেন, গুলিটি আল আমিনের বুকের বাঁ পাশে লাগে। এ সময় তিনি পড়ে যান। এরপর ছিনতাইকারীরা মুঠোফোন ও ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে সামান্য কিছু টাকা ছিল। পরে এক রিকশাচালকের সহযোগিতায় মাহমুদা তাঁর স্বামীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।