নির্মাণশ্রমিককে মারপিট করে হত্যা, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের সদস্য মো. আজাদ হাওলাদারকে (৩০) মারপিট করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আজাদ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আজাদ নগরের ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা সড়কের মো. কেরামত আলী হাওলাদারের ছেলে।
এ ঘটনার পর ইমারত শ্রমিক ইউনিয়নের কর্মীরা বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা হত্যাকারী ব্যক্তিদের বিচার দাবি করেন।
এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, আজাদ হাওলাদারের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে তাঁর স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলাটি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, এক বাড়ির কাজ ফেলে রেখে অন্য বাড়িতে কাজ করার অভিযোগে নির্মাণশ্রমিক আজাদকে মারধর করেন বাড়ির মালিক। আজাদের মাথা থেঁতলে দেওয়া হয়। গতকাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শ্রমিক মো. রাসেল হাওলাদার বলেন, নগরের রূপাতলী এলাকার টেক্সটাইল মিলের বিপরীতে জুয়েল ম্যানসনে রং করার কাজ নেন আজাদ। ওই বাড়ির কাজ রেখে অন্য বাড়িতে কাজ করতে গেলে ক্ষিপ্ত হন বাড়ির মালিক মো. কবির হোসেন। অন্য বাড়িতে কাজ করার অভিযোগ তুলে আজাদকে শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে আজাদের মাথা দেয়ালের সঙ্গে আঘাত করে থেঁতলে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ৩০ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে আজাদ মারা যান। রাসেল বলেন, ‘নির্যাতনের কারণেই আজাদ মারা গেছেন। আমরা এর বিচার চাই।’
বরিশাল জেলা ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ জলিল প্রথম আলোকে বলেন, ‘কোনো শ্রমিক যদি কাজ না করেন কিংবা অন্যায় করেন, তাহলে আমাদের কাছে অভিযোগ দিতে পারতেন। কিন্তু তাঁরা শ্রমিককে শারীরিক নির্যাতন করে হত্যা করবেন, এটা তো হতে পারে না। নির্মম নির্যাতনের পর হাসপাতালে ভর্তি করা হলেও আজাদের চেতনা ফেরেনি। চিকিৎসকেরা বলেছেন, মাথায় আঘাতের কারণে তিনি মারা গেছেন। আমরা এ হত্যার বিচার দাবি করছি। বিচার না করা হলে শ্রমিকেরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।’