নির্মাণশ্রমিকদের ওপর সন্ত্রাসীদের হামলা, গুলিবিদ্ধ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কর্মীদের ওপর হামলা ও গুলি চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এ হামলায় প্রতিষ্ঠানটির দুজন নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা চারটি এক্সকাভেটরসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয় ভাঙচুর ও লুট করে। খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

হামলায় প্রতিষ্ঠানটির নিরাপত্তাকর্মী কামাল উদ্দিন ও রনি গুলিবিদ্ধ হন। আহত সাতজনের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন শরীফ, মজিবর, আমির হোসেন ও কবির।

পুলিশ জানিয়েছে, রাত নয়টার দিকে সন্ত্রাসীরা পাহাড়ের বিভিন্ন স্থান থেকে থেমে থেমে গুলি ছুড়ছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও সিডিএ সূত্রে জানায়, সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে চট্টগ্রাম নগরের বায়েজিদ পর্যন্ত একটি সড়ক নির্মাণ করছে সিডিএ। লুব রোড নামের এ সড়কটি নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। পাহাড় কেটে রাস্তা নির্মাণের কাজ করছে তারা। এ সড়কের দুই কিলোমিটার ভেতরে জঙ্গল ছলিমপুর গ্রাম। পাহাড়ি জনপদ হওয়ায় গ্রামটিতে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন সক্রিয় রয়েছে। দীর্ঘদিন ধরে সেখানকার সন্ত্রাসীদের একটি দল ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছিল। কিন্তু প্রতিষ্ঠানটি চাঁদা দিতে রাজি হয়নি। আর এ কারণে আজ সন্ধ্যায় হামলা চালায় তারা।

ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়ক নাসির উদ্দিন দিদার প্রথম আলোকে বলেন, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ৩০-৩৫ জনের একদল সন্ত্রাসী গভীর পাহাড় থেকে গুলি ছুড়তে ছুড়তে তাদের দিকে এগোতে থাকে। এ সময় ৭০ থেকে ৮০ জন লোক সেখানে কাজ করছিল। গুলির শব্দ শুনে তারা ভীত হয়ে পড়েন। সন্ত্রাসীদের গুলিতে দুজন নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হন। সন্ত্রাসীদের কিরিচ ও রডের আঘাতে আরও সাতজন আহত হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাসির উদ্দিন আরও বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় এক ভূমিদস্যু পাহাড়ে জমি দখল করে আসছে। ওই এলাকায় আধিপত্য বিস্তারের জন্য সেখানে একটি বাহিনী গড়ে তোলে তারা। ওই বাহিনী চায় না, সড়কটি নির্মাণ হোক। ওই বাহিনীর লোকজন তাঁদের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁদের ওপর হামলা চালিয়েছে তারা। ভাঙচুর করেছে তাঁদের কার্যালয়। গুলিবিদ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ওই সন্ত্রাসী বাহিনীর প্রধানকে আসামি করে মামলা করবেন বলে তিনি জানান।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ট্রাফিক উপপরিদর্শক (টিএসআই) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত নয়টার দিকেও পাহাড় থেকে থেমে থেমে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। তিনি আরও বলেন, সন্ত্রাসীরা ঠিকাদারি প্রতিষ্ঠানের চারটি এক্সকাভেটর ভাঙচুর করে ব্যাটারি খুলে নিয়েছে। কার্যালয় ভাঙচুরের পর লুটপাট করে নিয়ে যায়।