নির্মাণসামগ্রী রেখে বিদ্যালয়ের মাঠ দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পূর্ব পাড়ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ছয় মাস ধরে এভাবেই দখল করে রেখেছেন ঠিকাদার। এতে শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ পাচ্ছে না। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পূর্ব পাড়ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ছয় মাস ধরে এভাবেই দখল করে রেখেছেন ঠিকাদার। এতে শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ পাচ্ছে না। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পূর্ব পাড়ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ছয় মাস ধরে বিভিন্ন নির্মাণসামগ্রী রেখেছেন এক ঠিকাদার। এতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারছে না। এমনকি অ্যাসেমব্লি করতে পারছে না তারা।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় ভবনের সামনের মাঠের পুরোটাজুড়ে ইট, পাথর, বালু আর খোয়া রাখা। মাঠের দক্ষিণ পাশে আছে ডিজেলচালিত একটি ইট ভাঙার মেশিন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক ও অভিভাবক বলেন, বিদ্যালয়টিতে ২৭৫ জন শিক্ষার্থী আছে। তাদের পাঠদানের সময় বিদ্যালয়ের মাঠে উচ্চ শব্দে ইট ভাঙানো হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থী সবার সমস্যা হচ্ছে।
কয়েকজন শিক্ষার্থী বলে, আগে বিরতির সময়ে তারা মাঠে খেলাধুলা করত। এখন ভবনের সঙ্গে লাগোয়া সিঁড়ির নিচে সামান্য জায়গার মধ্যে তাদের খেলতে হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রানী কুণ্ডু বলেন, ছয় মাস ধরে মাহফুজ খান নামের বরিশালের এক ঠিকাদারের লোকজন বিদ্যালয়ের মাঠে এসব নির্মাণসামগ্রী রাখছেন। ঠিকাদারের লোকজনকে বারবার মাঠ পরিষ্কার করে দেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু তিনি তাতে কান দিচ্ছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মতিউর রহমান বলেন, ‘ঠিকাদার মাহফুজ খানের লোকজন বিদ্যালয়ের মাঠে কিছু বালু রাখার জন্য অনুমতি চেয়েছিলেন। আমরা তাতে সম্মতি দিই। কিন্তু পরে তাঁরা পুরো মাঠই দখল করে ইট, বালু, পাথর এবং খোয়া রাখছেন।’
গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের মাঠ দখল করে নির্মাণসমাগ্রী রাখার বিষয়টি আমার জানা নেই। কেউই আমাকে বিষয়টি জানাননি। আমি খোঁজ নিয়ে দ্রুত মাঠটি উদ্ধারের ব্যবস্থা নেব।’
এ ব্যাপারে ঠিকাদার মাহফুজ খানের মুঠোফোনে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। বর্তমানে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।