নির্মাণাধীন অবৈধ দোকানঘর গুঁড়িয়ে দিল প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গোসাইবাড়ী হাটের ইজারাদার সরকারি জায়গায় অন্তত ১০টি দোকানঘর নির্মাণ করছিলেন। গতকাল শনিবার প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা ভূমি কার্যালয় থেকে এ বছর গোসাইবাড়ী হাট ১৮ লাখ ৬৬ হাজার টাকায় মাহবুবা সুলতানার নামে ইজারা দেওয়া হয়। এ হাট পরিচালনার দায়িত্বে আছেন আপেল মাহমুদ নামের এক ব্যবসায়ী। তিনি কয়েক দিন ধরে হাটের গরুহাটি এলাকায় ইটের গাঁথুনি দিয়ে অন্তত ১০টি দোকানঘর নির্মাণ করে আসছিলেন। গতকাল সকাল নয়টার দিকে একদল লোক নির্মাণাধীন সব কটি দোকানঘর গুঁড়িয়ে দেয়।
আপেল মাহমুদ বলেন, ‘হাটে কৃষি কার্যালয়ের জায়গায় আগেও কয়েকটি অস্থায়ী দোকান ছিল। সম্প্রতি সেখানকার জায়গা কৃষি বিভাগ দখল নেওয়ায় ব্যবসায়ীরা বেকার হয়ে পড়েছেন। এ জন্য হাটের জায়গায় দোকানঘর নির্মাণ করছিলাম। প্রশাসনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। কিন্তু সাবেক ইজারাদার তাঁর লোকজন দিয়ে নির্মাণাধীন স্থাপনাগুলো গুঁড়িয়ে দেন।’ এ অভিযোগ অস্বীকার করে সাবেক ইজারাদার লিয়াকত আলী বলেন, ‘এ ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই।’
ভারপ্রাপ্ত ইউএনও এ কে এম সরোয়ার জাহান বলেন, ‘ওই হাটের সরকারি জায়গা দখলে নিয়ে পাকা ঘর নির্মাণের অনুমতির আবেদনের বিষয়ে আমার জানা নেই। এ ছাড়া নির্মাণাধীন ঘরগুলো ভাঙচুরের ঘটনায়ও কেউ অভিযোগ করেননি।’