নির্মাণাধীন বাড়ির ছয়তলা থেকে পড়ে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল বৃহস্পতিবার নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় পড়ে মারা গেছেন এক ব্যক্তি। এ ছাড়া গতকাল পৃথক ঘটনায় দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে জানান, গতকাল বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ষষ্ঠ তলায় কাজ করার সময় মো. রিপন (৩০) নামের একজন নির্মাণশ্রমিক পড়ে গিয়ে আহত হন। গুরুতর অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রিপন খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ায় থাকতেন। তাঁর বাবার নাম ইব্রাহীম খলিল। তাঁদের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়।

গতকাল সকালে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

শাহবাগ থানার এসআই শফিকুল ইসলাম বলেন, ওই ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

এদিকে গতকাল সকালে রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

জিআরপি থানার পুলিশ সদস্য মাহিদুল ইসলাম বলেন, ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স ৪৫ বছর হতে পারে।