নির্মাণাধীন বীজ হিমাগারে, দুর্বৃত্তদের হামলা, আহত ৫, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে নির্মাণাধীন সমন্বিত বীজ হিমাগারে গত শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় তাদের এলোপাতাড়ি মারধরে পাঁচজন কর্মচারী আহত হন। দুর্বৃত্তরা মুঠোফোন, ল্যাপটপসহ কিছু মালামাল লুট করে নিয়ে গেছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মিয়া জানান, বীজাগারের মহাব্যবস্থাপক নজরুল ইসলাম এ ব্যাপারে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল গফুর ও হামলার শিকার হিসাবরক্ষক আবুল কাশেম জানান, শুক্রবার গভীর রাতে ১০-১২ জন দুর্বৃত্ত বীজ হিমাগারের প্রাচীর টপকে ভেতরে ঢোকে। তারা প্রথমে নৈশপ্রহরীদের হাত-মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে আবাসিক ভবনের দরজা ভেঙে কর্মচারীদের ব্যাপক মারধর করে। এতে আবুল কাশেম ছাড়াও কম্পিউটার অপারেটর মিথান (২৭), নৈশপ্রহরী শীতল (৩৯), ইলেকট্রিক মেকানিক বুলু (৩৬) ও তাঁর স্ত্রী সবিতা (২৮) আহত হন। পরে তাঁদের জিম্মি করে দুর্বৃত্তরা একটি ল্যাপটপ, একটি ডিজিটাল ক্যামেরা, এক জোড়া সোনার চুড়ি, পাঁচটি মুঠোফোন ও নগদ ২২ হাজার টাকা হাতিয়ে নেয়।
কুড়িগ্রাম শহরের ত্রিমোহনীতে সরকারি অর্থায়নে ২৯ কোটি ১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে একটি বীজ হিমাগারের কাজ চলছে। এর ধারণক্ষমতা তিন হাজার মেট্রিক টন।