নির্মাণাধীন ভবন থেকে যুবকের লাশ উদ্ধার
নরসিংদীতে নির্মাণাধীন একটি ভবন থেকে নয়ন মিয়া (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের সাটিরপাড়া মহল্লায় নরসিংদী প্লাজা নামের ওই নির্মাণাধীন ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নয়নের বাড়ি সাটিরপাড়া মহল্লায়।
নয়নের বড় বোন শিউলী বেগম দাবি করেন, আজ সকাল সাড়ে আটটার দিকে নাশতা খাওয়ার সময় নয়নকে নরসিংদী প্লাজার মালিক রমজান মিয়ার ভাই মোখলেস মিয়া বাসা থেকে ডেকে নিয়ে যান। এর ঘণ্টা দুয়েক পর তাঁর মোবাইল ফোনে কল করে জানানো হয়, নয়নের লাশ নরসিংদী প্লাজার নিচে ফেলে রাখা হয়েছে।
শিউলী বেগমের দাবি, ‘এই প্লাজায় অনেক অনৈতিক কাজ হতো, যাতে আমার ভাই প্রায় সময় বাধা দিত। আমার মনে হয়, এই কারণেই তাঁকে হত্যা করা হতে পারে। আর কোনো কারণ আমার জানা নাই।’
নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) তাপস কান্তি রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নয়নের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।