নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকালী গ্রামে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে এনায়েত উল্লা (২৮) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী হানিফ সুয়ানীর বাড়ির নতুন ভবন নির্মাণকালে এ দুর্ঘটনা ঘটে। এনায়েত হাতিয়া উপজেলার দক্ষিণ হাতিয়ার হারিছ আহম্মেদের ছেলে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে এনায়েত উল্লার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কাল বুধবার ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয় কয়েক ব্যক্তি জানান, কয়েক মাস ধরে প্রায় ৪০ জন শ্রমিক চরকালী গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী হানিফ চুয়ানীর বাড়ির একটি তিনতলা ভবনের নির্মাণকাজ করছেন। আজ সকালে শ্রমিকেরা ভবনের তৃতীয় তলায় ছাদ ঢালাই দেন।

স্থানীয় দুই-তিনজন জানান, দুপুরে ঢালাইয়ের কাজ শেষে কিছু শ্রমিক খেতে যান। বেলা আড়াইটার দিকে ছাদের নিচে দেওয়া বাঁশ আকাবাঁকা দেখে সেগুলো ঠিক করতে যান এনায়েত। এ সময় তৃতীয় তলার ছাদ ধসে তাঁর মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, শ্রমিকের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।