নির্মাণাধীন রেলপথ থেকে ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী থেকে ঢালারচর পর্যন্ত নির্মাণাধীন রেলপথ থেকে প্রায় ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়। গত মঙ্গলবার দিনভর জেলা সদরের শালগাড়িয়া ও লস্করপুর এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৭৩ সালে তৎকালীন সরকার ঈশ্বরদী-ঢালারচর রেলপথ তৈরির উদ্যোগ নেয়। তখন ঈশ্বরদী থেকে পাবনা পর্যন্ত রেলপথের জন্য জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর প্রকল্পটি বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালে পুনরায় রেলপথটি নির্মাণের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী ২০১০ সালের ৫ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে রেলপথ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য ৯৮২ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রথম দফায় পাঁচটি প্রকল্পে ১৫৫ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে মাটি ভরাট, রেলপথ স্থাপন, রেলক্রসিং গেট, পাবনা পর্যন্ত স্টেশন নির্মাণকাজ শুরু করা হয়। নির্মাণাধীন রেলপথের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে কিছু ছিন্নমূল মানুষ বাড়িঘর করে বসবাস করছে। পরিবারগুলোকে বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তারা না সরায় শেষ পর্যন্ত রেল বিভাগ উচ্ছেদ অভিযান শুরু করে।
অভিযানে নেতৃত্ব দেওয়া পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মুস্তাক আহম্মেদ বলেন, জেলা সদরের শালগাড়িয়া ও লস্করপুর মহল্লার প্রায় ৪০০ স্থাপনা রয়েছে। এগুলোর জন্য রেলপথের নির্মাণকাজ বন্ধ ছিল।
সরেজমিনে দেখা যায়, রেল বিভাগের কর্মীরা ঘরবাড়ি ভাঙছেন। আর হইহুল্লোড় করে মালামাল গোছানোয় ব্যস্ত উচ্ছেদ হওয়া লোকজন।
উচ্ছেদ হওয়া পরিবারগুলোর দাবি, তারা ১৫ থেকে ২০ বছর এই এলাকায় বসবাস করছে। কিন্তু উচ্ছেদের ব্যাপারে তাদের কোনো নোটিশ কিংবা কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। গত সোমবার মাইকযোগে উচ্ছেদের কথা বলে পরদিন মঙ্গলবার উচ্ছেদ অভিযান শুরু করা হয়। ফলে তাঁরা বিপদে পড়েছেন। পরিবার-পরিজন নিয়ে পথে বসেছেন সবাই।
মুস্তাক আহম্মেদ বলেন, ১৯৭৩ সালে জমি অধিগ্রহণের সময় সংশ্লিষ্ট জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। যাঁরা তখন পাননি, পরবর্তী সময়ে তাঁদের দেওয়া হয়।