নির্মাণাধীন সীমানাপ্রাচীর ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়া ইউনিয়নের আন্দিরপাড় গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে নির্মাণাধীন সীমানাপ্রাচীর ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যক্তিদের ভাষ্যমতে, ওই গ্রামের হাজি মো. আমিনের বাড়ির সামনের জায়গা নিয়ে বেশ কিছুদিন ধরে একই এলাকার জসিম উদ্দিনের সঙ্গে বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস বৈঠকও হয়। মঙ্গলবার মো. আমিন তাঁর দখলে থাকা জায়গায় সীমানাপ্রাচীর নির্মাণ করেন।
এরপর দিবাগত রাত একটার দিকে ২৫ থেকে ৩০ জনের একদল সন্ত্রাসী নির্মাণাধীন সীমানাপ্রাচীরটি ভেঙে ফেলে। সন্ত্রাসীরা এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
মো. আমিন অভিযোগ করেন, জায়গা নিয়ে বিরোধের জের ধরে জসিম উদ্দিন এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের ভাড়া করে রাতের অন্ধকারে সীমানাপ্রাচীর ভাঙচুর করেন এবং বসতঘরের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
জানতে চাইলে জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, বাড়ির জায়গা নিয়ে মো. আমিনের সঙ্গে তাঁর বিরোধ রয়েছে ঠিক, কিন্তু নির্মাণাধীন সীমানাপ্রাচীর কে বা কারা ভেঙেছে, তা তিনি জানেন না। তাঁর কোনো লোক এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শওকত হোসেন প্রথম আলোকে বলেন, সীমানাপ্রাচীর ভাঙচুরের কোনো অভিযোগ গতকাল বুধবার দুপুর পর্যন্ত তিনি পাননি। পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।