নির্মাণাধীন স্থাপনায় শিক্ষার্থীদের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের চৌহাট্টা এলাকায় গতকাল সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নারী ও প্রতিবন্ধীদের ব্যবহারের জন্য নির্মাণাধীন শৌচাগারের দেয়াল ভাঙচুর করেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা l প্রথম আলো
সিলেট নগরের চৌহাট্টা এলাকায় গতকাল সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নারী ও প্রতিবন্ধীদের ব্যবহারের জন্য নির্মাণাধীন শৌচাগারের দেয়াল ভাঙচুর করেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা l প্রথম আলো

শিক্ষার্থীদের অভিযোগ, কোনো ধরনের অনুমতি না নিয়েই সরকারি আলিয়া মাদ্রাসার জায়গা দখল করে করপোরেশন অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে।

তবে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি নিজে মাদ্রাসায় গিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলে অনুমতি নিয়েছি। সব ধরনের অনুমতি নেওয়ার পরই শৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের জন্যও একটি অজুখানা ও গোসলখানা নির্মাণ করার কথা অধ্যক্ষকে জানিয়েছিলাম। আলোচনার ভিত্তিতে বিষয়টি সমাধান করা হবে।’

মাদ্রাসার অধ্যক্ষ আলী আহমদ খান বলেন, গণশৌচাগার নির্মাণের বিষয়টি শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীকে অবহিত করা হয়েছে উল্লেখ করে মেয়র মাদ্রাসার কিছু জায়গা ব্যবহারের অনুমতি চেয়েছিলেন। মেয়রের এমন উদ্যোগে তিনি বাধা দেননি। নির্মাণাধীন গণশৌচাগারের দেয়ালে ভাঙচুর চালানোর বিষয়ে তিনি বলেন, ‘মাদ্রাসায় পরীক্ষা থাকায় বিষয়টি আমি জানতে পারিনি। তবে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে বলে শুনেছি।’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা পৌনে একটার দিকে ‘শিক্ষার্থীবৃন্দ, সরকারি আলিয়া মাদ্রাসা, সিলেট’-এর ব্যানারে নগরের চৌহাট্টা এলাকায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি শুরু করেন। তাঁরা চৌহাট্টা-আম্বরখানা সড়ক অবরোধ করে ‘অবৈধভাবে টয়লেট নির্মাণ বন্ধ কর’সহ নানা ধরনের স্লোগান দেন। তাঁরা বলেন, গণশৌচাগার নির্মাণের বিষয়টি মাদ্রাসা ও সিলেট সিভিল সার্জন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত না করেই অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ শুরুর পর থেকেই শিক্ষার্থীদের পক্ষ থেকে শৌচাগারটি অন্যত্র সরিয়ে নিতে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে বারবার আহ্বান জানানো হয়েছে। কিন্তু তিনি সাড়া দেননি। ৪৮ ঘণ্টার মধ্যে গণশৌচাগারের নির্মাণকাজ বন্ধ করা না হলে সিলেটে ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করা হবে। বেলা সোয়া একটার দিকে কিছু শিক্ষার্থী নির্মাণাধীন গণশৌচাগারের দেয়াল ভাঙচুর শুরু করেন। সেখানে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্যের উপস্থিতিতেই শিক্ষার্থীরা ভাঙচুর করেন।

সিলেট মহানগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে শিক্ষার্থীদের শান্ত করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, তিনি অফিসের বাইরে রয়েছেন। তবে শৌচাগার ভাঙচুরের বিষয়টি জেনেছেন।