নির্মাণাধীন '৭১ জাদুঘরের গ্রিল ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চবিদ্যালয়ে নির্মাণাধীন ’৭১ জাদুঘরের সামীনাপ্রাচীরের গ্রিল ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে জানা গেছে, মুক্তিযুদ্ধের সময় বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চবিদ্যালয় টর্চার সেল হিসেবে ব্যবহার করত পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরেরা। মুক্তিযুদ্ধের এই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে সম্প্রতি নোয়াখালী জেলা পরিষদ সেই টর্চার সেলটি জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেয়।
জাদুঘর নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে। এই অবস্থায় গত শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা চৌমুহনী-মাইজদী সড়কের পাশে জাদুঘরের প্রবেশদ্বারসংলগ্ন সীমানাপ্রাচীর গুঁড়িয়ে দেয় এবং প্রাচীরের বেশির ভাগ গ্রিল নিয়ে যায়।
নির্মাণকাজের ঠিকাদার আমিনুল হক জানান, রোববার সকালে নির্মাণশ্রমিকেরা কাজ করতে এসে দেখেন সীমানপ্রাচীর ভেঙে পড়ে আছে এবং অনেক স্থানে প্রাচীরের গ্রিল নেই। তিনি বিষয়টি জেলা পরিষদের প্রশাসককে জানিয়েছেন এবং বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবুল হোসেন বাঙ্গালী বলেন, দীর্ঘদিনের চেষ্টার পর সেই টর্চার সেলকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়। যাঁরা মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারাই এমন জঘন্য ঘটনা ঘটাতে পারে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক প্রথম আলোকে বলেন, কেউ গ্রিলগুলো চুরির উদ্দেশ্যে ওই ঘটনা ঘটিয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।