নির্মাণের এক বছরেই ভবন 'ঝুঁকিপূর্ণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাণের এক বছরের মধ্যেই জুড়ী উপজেলার সাগরনাল উচ্চবিদ্যালয়ের ভবনের শ্রেণিকক্ষের মেঝের ঢালাই উঠে যাচ্ছে। গত বুধবার তোলা ছবি l প্রথম আলো
নির্মাণের এক বছরের মধ্যেই জুড়ী উপজেলার সাগরনাল উচ্চবিদ্যালয়ের ভবনের শ্রেণিকক্ষের মেঝের ঢালাই উঠে যাচ্ছে। গত বুধবার তোলা ছবি l প্রথম আলো

বিদ্যালয়ের ভবনের ছাদ এবং মেঝের ঢালাই উঠে গেছে। সিঁড়ির ধাপ ভেঙে যাচ্ছে। অথচ মাত্র এক বছর আগে এটি নির্মাণ করা হয়েছে। ভবনটি
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল উচ্চবিদ্যালয়ের।
বিদ্যালয়ের শিক্ষকেরা অভিযোগ করেন, ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় ভবনটির এ দুরবস্থা হয়েছে।
বিদ্যালয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে ২৫ লাখ টাকা ব্যয়ে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একটি একতলা পাকা ভবনের ওপর তিন কক্ষবিশিষ্ট দোতলা ভবন নির্মাণ করা হয়। রাজনগর উপজেলার আসব আলী নামের এক ঠিকাদার এ কাজটি পান। ওই বছরের ৫ মার্চ জাতীয় সংসদের হুইপ ও মৌলভীবাজার-১ আসনের সাংসদ শাহাব উদ্দিন নির্মাণকাজের উদ্বোধন করেন। অক্টোবর মাসে কাজটি শেষ হয়। গত এপ্রিল মাসের দিকে ভবনের মেঝে ও সিঁড়ির ঢালাই উঠে যেতে শুরু করে।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের ভবনের দোতলার দুটি কক্ষের মেঝে ও সিঁড়ির ঢালাই উঠে গেছে এবং বারান্দার দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। কিছু স্থানে দেয়াল ও সিঁড়ি ভেঙে পড়েছে। দুটি কক্ষে সপ্তম শ্রেণির ক ও খ শাখার শিক্ষার্থীদের পাঠদান চলছে। অপর কক্ষে মাল্টিমিডিয়া ক্লাসের জন্য বিভিন্ন সরঞ্জাম রাখা। সিঁড়ির কয়েকটি ধাপ ভেঙে যাচ্ছে। দোতলার ছাদের পুরোটা জায়গায় খোয়া ও বালু উঠে লোহার রড বেরিয়ে আছে।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী কামরুজ্জামান, আদনান চৌধুরী ও সোহানা আক্তার বলে, ঢালাই উঠে যাওয়ায় মেঝে থেকে বালু উড়ে নাকেমুখে যায়। তাই প্রতিদিন পাঠদান শুরুর আগে তারা নিচে থেকে বালতিতে করে পানি এনে এখানে ঢালে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার বললেন, ‘ঝুঁকি নিয়েই দোতলায় ক্লাস চালাচ্ছি। ছোট বাচ্চারা ক্লাস করে। কখন যে ছাদ ধসে পড়ে সেই ভয়ে থাকি।’
এ ব্যাপারে জানতে চাইলে ঠিকাদার আসব আলী বুধবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ‘ম্যাডাম (বিদ্যালয়ের প্রধান শিক্ষক) কিছু সমস্যার কথা বলেছেন। লোক পাঠাব। তাঁরা দেখে এসে কী জানান দেখি। তারপর ব্যবস্থা নেব।’ নিম্নমানের কাজের অভিযোগটি সঠিক নয় বলে তিনি দাবি করেন। তাহলে কী কারণে ভবনটির এ অবস্থা ঘটল—এ প্রশ্নের উত্তরে তিনি কিছু বলতে রাজি হননি।
এ বিষয়ে প্রধান শিক্ষক রাশেদা আক্তার বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে ঠিকাদারের কয়েকজন কর্মচারী বিদ্যালয়ে আসেন। তাঁরা ভবনের দুরবস্থা দেখে মিস্ত্রিকে দিয়ে মেরামত করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
কাজটি তদারকির দায়িত্বে থাকা মৌলভীবাজার জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী ছায়দুর রহমান মুঠোফোনে বলেন, ‘আমরা ঠিকঠাকভাবে কাজ করে এসেছি। এ রকম তো হওয়ার কথা নয়। সমস্যা নেই। ঠিকাদারের জামানতের টাকা এখনো ফেরত দেওয়া হয়নি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’