নির্যাতন ও চাঁদা দাবির ঘটনায় রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানা পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে এম এম মোশাররফ হোসেন বলেন, গত ২৯ এপ্রিল বাঘাইছড়ি উপজেলা মাঠে দৃষ্টিপ্রতিবন্ধীদের কল্যাণে মাসব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলা চলাকালে গত ৩ মে স্থানীয় কয়েকজন যুবক তাঁকে মারধর করেন এবং তাঁর কাছ থেকে ৬০ হাজার টাকা দাবি করেন। পরদিন এই ঘটনা আপসের কথা বলে তাঁকে বাঘাইছড়ির জেলা পরিষদের রেস্টহাউসে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে আটকে রেখে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং নগদ ১৭ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনার পর মেলা বন্ধ করে দেওয়া হয়।
এম এম মোশাররফ হোসেন অভিযোগ করেন, বাঘাইছড়ি থানা পুলিশ এখন পর্যন্ত এ ঘটনায় মামলা নিচ্ছে না। উল্টো তাঁকে কটাক্ষ করেন থানার ওসি।
যোগাযোগ করা হলে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘যখন এই ঘটনা ঘটে, তখন আমি ওসি ছিলাম না। তিনি (মোশাররফ হোসেন) পুলিশ সদর দপ্তরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। যা আমি এখনো পাইনি।’