নির্যাতন করে নববধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগরে জান্নাতুল ফেরদৌস নামের এক নববধূকে গত বৃহস্পতিবার রাতে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরে তাঁর মৃতদেহটি হাসপাতালের জরুরি বিভাগে ফেলে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রাম থেকে গতকাল শুক্রবার সকালে চায়না বেগম নামে এক পাটকলশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহত চায়না বেগমের স্বামী সুমন শেখ পলাতক রয়েছেন।
শ্যামনগরে নিহত গৃহবধূ জান্নাতুল ফেরদৌস (১৯) কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের শেখপাড়া এলাকার রফিক শেখের মেয়ে। তিনি শ্যামনগর শিমু রেজা এমপি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
নিহত জান্নাতুল ফেরদৌসের ভাই নাজমুল হাসান বলেন, মাত্র দেড় মাস আগে শ্যামনগর উপজেলা সদরের চণ্ডীপুর গ্রামের বাদশা সরদারের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে কারণে-অকারণে নির্যাতন করতেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাঁর বোনকে তাঁর স্বামী বেধড়ক মারপিট করেন। একপর্যায়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করে রাত আটটার দিকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। এ সময় তাঁর লাশ ফেলে রেখে বোনের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান। পর অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন পেয়ে তাঁরা হাসপাতালে গিয়ে জান্নাতুলের লাশ দেখতে পান। তাঁর শরীরে আঘাতের চিহ্নও রয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক গোপাল বিশ্বাস বলেন, বৃহস্পতিবার রাতে নিহত গৃহবধূর স্বামী পরিচয়দানকারী রফিকুল ইসলামসহ কয়েকজন মৃত অবস্থায় জান্নাতুল ফেরদৌসকে হাসপাতালে নিয়ে আসেন। তাঁর স্বামী জানান, তাঁরা বাড়ির বাইরে থাকার সুযোগে জান্নাতুল গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। দড়ি ছিঁড়ে পড়ে যাওয়ার শব্দে তাঁরা ঘরে ঢুকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
চণ্ডীপুর গ্রামে নিহত গৃহবধূর শ্বশুরবাড়ি গিয়ে বাড়িঘরে তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। প্রতিবেশী লিটন হোসেন বলেন, বৃহস্পতিবার রাত থেকে বাড়ি তালাবদ্ধ রয়েছে। কেউ বাড়িতে নেই।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতন করে হত্যার অভিযোগে নিহত জান্নাতুল ফেরদৌসের নানা নূর মোহাম্মাদ শেখ বাদী হয়ে স্বামী রফিকুল ইসলামসহ চারজনের নামে একটি হত্যা মামলা করেছেন। সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রাম থেকে গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে চায়না বেগম (২৩) নামের এক পাটকলশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার রায় বলেন, ডোবরা গ্রামের পারটেক্স জুটমিল-সংলগ্ন মসুরখেত থেকে চায়না বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী সুমন শেখ পলাতক রয়েছেন।
পারটেক্স জুটমিলের সহকারী মহাব্যবস্থাপক আবদুল গফুর বিশ্বাস বলেন, দেড় বছর ধরে চায়না ও তাঁর স্বামী সুমন দুজনই এই মিলে কাজ করেন। মিলের পাশেই ওই এলাকার ছত্তার শেখের বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করে আসছিলেন। এ দম্পতির চার বছর বয়সী এক ছেলে ও তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তাঁদের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়ের হাট এলাকায়।